খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় দুর্বৃত্তের গুলিতে খল কুমার ত্রিপুরা (৩৬) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সে উপজেলার মরাটিলা গ্রামের অলি মোহন ত্রিপুরার ছেলে। গতকাল সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। তিনি ইউপিডিএফ প্রসীত গ্রুপের সদস্য ছিলেন বলে জানা যায়। তার বিরুদ্ধে এলাকায় ব্যাপক চাঁদাবাজি, সন্ত্রাস ও নির্যাতনের অভিযোগ রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সাগর ত্রিপুরা সকালে বাজারে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হয়ে মরাটিলা দোকানের পাশের রাস্তার ধারে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। এমন সময় পানছড়ি বাজারের দিক থেকে ১০-১২ জনের একদল অস্ত্রধারী এসে তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়ে পালিয়ে যায়। এ সময় গুলিবিদ্ধ অবস্থায় তিনি মাটিতে লুটিয়ে পড়ে।
পানছড়ি থানার ওসি মোহাম্মদ দুলাল হোসেন জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করেছে।