ঝিনাইদহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মালখানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণে শফিকুল ইসলাম (২০) নামে একজন নিহত হয়েছে। এ সময় আরো তিনজন আহত হয়। গতকাল বেলা ১টার দিকে এ বিস্ফোরণ ঘটে।
ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। চিকিৎসক এদের মধ্যে শফিকুল ইসলামকে মৃত ঘোষণা করেন। আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে। আহতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।
ঝিনাইদহ জেলা পিপি অ্যাডভোকেট ইসমাইল হোসেন জানান, বিস্ফোরণের একটা বিকট শব্দ শুনে আমরা ছুটে আসি। এসে দেখি মালখানার ঘরটি পুরোপুরি তছনছ হয়ে গেছে। ফায়ার সার্ভিসকে খবর দেয়ার পর তিনজনকে উদ্ধার করে। একজনের অবস্থা খুব খারাপ ছিল। সবাইকে উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান, ভেতরে গত কয়েক দিন ধরে সংস্কারের কাজ চলছে। মিস্ত্রিরা কাজ করছিলেন। কোনো ধরনের মেশিনের কারণে এ বিস্ফোরণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।