রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ সাত দিনের সফরে নিজ জন্মভূমি কিশোরগঞ্জে অবস্থান করছেন। এ সময়ের মধ্যে তিনি তার সাবেক সংসদীয় নির্বাচনী এলাকা কিশোরগঞ্জ-৪ এর তিন উপজেলা ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম ছাড়াও জেলা শহর সফর করবেন।
সফরের প্রথম দিন গত শুক্রবার বিকেল ৪টা ৫ মিনিটে রাষ্ট্রপতি ঢাকা থেকে হেলিকপ্টারে নিজ উপজেলা হাওর অধ্যুষিত মিঠামইনে অবতরণ করেন। পরে ডাকবাংলোতে যান এবং গার্ড অব অনার গ্রহণ শেষে মিঠামইনের কামালপুরে নিজবাড়িতে রাত্রিযাপন করেন।
সফরের দ্বিতীয় দিন গতকাল শনিবার বেলা সাড়ে ৩টায় রাষ্ট্রপতি মিঠামইনের নিজবাড়ি থেকে সড়কপথে অষ্টগ্রাম উপজেলার উদ্দেশ্যে যাত্রা করেন। পথিমধ্যে তিনি অষ্টগ্রামের জিরো পয়েন্টে নেমে অলওয়েদার সড়কের ভাতশালা সেতু পরিদর্শন করেন। পরে সেখান থেকে তিনি ডাকবাংলোয় পৌঁছে গার্ড অব অনার গ্রহণ করেন। পরে রাষ্ট্রপতি পূর্ব অষ্টগ্রাম ইউনিয়ন পরিষদ কার্যালয় পরিদর্শন করেন। এ সময় তিনি স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি জানাসহ এ বিষয়ে সংশ্লিষ্টদের আরো বেশি কার্যকরী ভূমিকা পালনে দিকনির্দেশনা দেন। পরে তিনি পূর্ব অষ্টগ্রাম ইউপি কার্যালয় সংলগ্ন ‘আবদুল হামিদ চত্বর’ পরিদর্শন করেন। এ সময় রাষ্ট্রপতির বড় ছেলে কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য প্রকৌশলী রেজওয়ান আহম্মেদ তৌফিক, কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, পুলিশ সুপার মো: মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার), রাষ্ট্রপতির প্রেসসচিব জয়নাল আবেদীনসহ সামরিক-বেসমারিক ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এরপর রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ সড়কপথে অষ্টগ্রাম উপজেলা সদরের ডাকবাংলোয় যান। পরে সন্ধ্যার পর রাষ্ট্রপতি অষ্টগ্রামে রাষ্ট্রপতি আবদুল হামিদ অডিটোরিয়ামে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন। মতবিনিময় শেষে তিনি ওই দিন সড়কপথে মিঠামইনে ফিরে কামালপুর গ্রামের নিজবাড়িতে রাত্রিযাপন করেন।
প্রসঙ্গত, রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ ৭ দিনের কিশোরগঞ্জ সফরের তৃতীয় দিন আজ রোববার বেলা ১১টায় মিঠামইন সেনানিবাসের উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করবেন এবং সন্ধ্যায় রাষ্ট্রপতির বাবার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত মিলাদ মাহফিলে অংশ নিবেন। পরে তিনি মিঠামইনে রাষ্ট্রপতি আবদুল হামিদ অডিটোরিয়ামে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাথে মতবিনিময় করবেন। সেখান থেকে নিজবাড়িতে রাত্রিযাপন করবেন।
পরদিন ১৫ নভেম্বর বেলা আড়াইটায় তিনি ইটনা উপজেলায় যাবেন। সেখানে উন্নয়নমূলক কাজ পরিদর্শন শেষে সন্ধ্যায় ইটনায় রাাষ্ট্রপতি আবদুল হামিদ অডিটোরিয়ামে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাথে মতবিনিময় করবেন। পরে তিনি মিঠামইনে নিজবাড়িতে ফিরে যাত্রিযাপন শেষে পরদিন ১৬ নভেম্বর বেলা ৩টায় মিঠামইন থেকে হেলিকপ্টারে কিশোরগঞ্জ সদরে পৌঁছাবেন। ওই দিন তিনি শহরের খড়মপট্টিস্থ নিজবাসায় রাত্রিযাপন শেষে পরদিন ১৭ নভেম্বর সন্ধ্যায় তিনি জেলা শিল্পকলা একাডেমিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাথে মতবিনিময় করবেন। সেখান থেকে নিজ বাসায় রাত্রিযাপন শেষে পরদিন ১৮ নভেম্বর দুপুরে রাষ্ট্রপতি হেলিকপ্টারে ঢাকায় ফিরে যাবেন।