মাগুরার শালিখা উপজেলার শাবলাট গ্রামে ইউনিয়ন পরিষদ নির্বাচন পরবর্তী সহিংসতায় আওয়ামী লীগের সমর্থক শরীফুল ইসলাম মোল্লা (৫০) নামে এক ব্যক্তি নিহত ও তার ছেলেসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতদের যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত শরীফুল ইসলাম শাবলাট গ্রামের মৃত ইব্রাহিম মোল্লার ছেলে। আহতরা হলেন শরীফুল ইসলাম মোল্লার ছেলে রাজীবুল হোসেন রাজীব (৩০), চান আলী মোল্লার ছেলে বদর উদ্দিন মোল্লা (৪৫), সাহাদৎ মোল্লার ছেলে আনিছুর রহমান (৪৫) ও মৃত বিশারত মোল্লার ছেলে মহাব্বত আলী মোল্লা (৩৫)।
শালিখা থানার ওসি তারক বিশ্বাস ও আহত রাজীব জানান, আধিপত্য বিস্তার নিয়ে তালখড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সমর্থক মহব্বত ও আয়ুবের মধ্যে বিরোধ চলে আসছিল। গতকাল শনিবার সকাল সাড়ে ৯টার দিকে মহব্বত ও শরীফুল মোল্লাসহ কয়েক জন শাবলাট বাজারে চায়ের দোকানে বসেছিলেন। এ সময় একই গ্রামের আয়ুব বিডিআরের নেতৃত্বে একদল লোক এসে অতর্কিত তাদের ওপর হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্রশস্ত্র ও লাঠিসোটা দিয়ে তাদের মারধর ও কুপিয়ে আহত করে। এতে ওই চারজন আহত হয়। আহতদের বেলা সাড়ে ১১টায় যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে আনা হয়। এ সময় জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শরীফুল ইসলাম মোল্লাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ছেলে রাজীবসহ তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে আনিছুর রহমান, মহাব্বত আলী ও বদরুদ্দিনের অবস্থা আশঙ্কাজনক বলে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।