করোনা মহামারীর মধ্যেও অপরাধের মাত্রার কমতি ছিল না ২০২১ সালে। খুন, ধর্ষণ, নারীর প্রতি সহিংসতা, সাম্প্রদায়িক সহিংসতা, কিশোর অপরাধ, নতুন নতুন মাদকের সন্ধানসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড আগের বছরের তুলনায় বেড়েছে।
এ ছাড়া রাজনৈতিক সঙ্ঘাতে মৃত্যু ও গণমাধ্যম কর্মীদের ওপর হামলার ঘটনাও ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে। করোনার নতুন ধরন ওমিক্রন আতঙ্কের মধ্য দিয়েই শুরু হচ্ছে নতুন বছর। বিদায়ী বছরে এই আতঙ্কের মধ্যেও বেড়েছে নারীর প্রতি সহিংসতার হার।
বছরটি (২০২১) সবচেয়ে বেশি আলোচনায় ছিল ঢাকা বোটক্লাবে এক ব্যবসায়ীর বিরুদ্ধে চিত্রনায়িকা পরীমণির ধর্ষণ চেষ্টার অভিযোগটি। নানা ঘটনার মধ্য দিয়ে অভিযুক্তদের গ্রেফতারও করা হয়। এরপর মাদক মামলায় পরীমণিকেও কয়েক দিন কারাগার ঘুরে আসতে হয়েছে।
বিভিন্ন পরিসংখ্যান বলছে, গত ১১ মাসেই ৯৫৫ জন নারী ধর্ষণের শিকার হয়েছের। এর মধ্যে ১৬৮ জন দলবেঁধে ধর্ষণের শিকার আর ধর্ষণের পর হত্যা করা হয়েছে ৩০ জনকে। সাতজন নারী ধর্ষণের পর আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। গত বছর ধর্ষণের শিকার হয়েছিলেন ৯৭৫ জন নারী। এ বছরে দেশে গণপিটুনির ঘটনায় প্রাণ হারিয়েছেন ২৬ জন।
বছরজুড়ে আলোচনায় ছিল, টিকটক, লাইকিসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে শিশু-কিশোরদের অপরাধে জড়িয়ে পড়া। এর মধ্যে টিকটক হৃদয় বাবুর মাধ্যমে নারীপাচারের ঘটনাটি ছিল উল্লেখযোগ্য। পরবর্তিতে টিকটক লাইকির মতো অ্যাপসগুলো বন্ধের বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়।
চলতি বছরে শিশুর প্রতি নির্যাতন ও হত্যার ঘটনাও বেশ উদ্বেগজনক। গত ৯ মাসে হত্যার শিকার হয়েছে ৪৭১ জন শিশু। শারীরিক ও যৌন নির্যাতনসহ নানাভাবে সহিংসতার শিকার হয় এক হাজার ১৬৫ শিশু। এর মধ্যে বছরের শুরুতেই আলোচনায় ছিল রাজধানীর কলাবাগানে ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষার্থী আনুশকাকে ধর্ষণের পর হত্যার অভিযোগটি।
মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেও থেমে ছিল না মাদককারবারিদের দৌরাত্ম্য। নতুন নতুন রুটে দেশের বিভিন্ন স্থানে মাদকের বড় বড় চালান আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। এসব অভিযানে যুক্ত হয় নতুন মাদক এলএসডি, আইস। চলতি বছরের মে মাসে রাজধানীর লালমাটিয়া থেকে তিন কিশোরকে গ্রেফতারের পর এলএসডি মাদকের সন্ধান মেলে। দেশে এই মাদকের বাজার তৈরি করার চেষ্টা করছিল তারা।
বছরজুড়ে আলোচনায় ছিল রাজনৈতিক সহিংসতা। করোনার মধ্যেও দেশে ৪০০ বেশি সহিংসতার ঘটনা ঘটেছে। নিহত হয়েছে ৭০ জনের মতো। আহত হয়েছে চার হাজারের উপরে। সবশেষে কিশোরগঞ্জে ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতায় বিজিবি সদস্য নিহতের ঘটনা বেশ আলোচনায় ছিল।
পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক নির্যাতনের ঘটনাও ছিল বেশ আলোচিত। বছরের শুরুতেই নোয়াখালীর কোম্পানীগঞ্জে গুলিবিদ্ধ হয়ে সাংবাদিক মৃত্যুর ঘটনাও ঘটে। পরবর্তীতে প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তার ঘটনা দেশব্যাপী আলোচিত হয়। পরিসংখ্যান বলছে, ১৫৪ জন সাংবাদিক বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছেন।
সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনা ছিল এ বছরের সবচেয়ে আলোচিত অপরাধগুলোর একটি। সবশেষ হিন্দু সম্প্রদায়ের দুর্গা উৎসব চলাকালে কুমিল্লায় কুরআন অবমাননার অভিযোগ এনে দেশের বিভিন্ন স্থানে হিন্দুদের ১০২টি বাড়িঘরে হামলার ঘটনা ঘটে। ভাঙচুর করা হয় ৪৮টি প্রতিমা, পুড়িয়ে দেয়া হয় ৭৮টি বসতবাড়ি।