নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বনভোজনগামী যাত্রীদের গণপিটুনিতে এক যুবক নিহতের ঘটনা ঘটেছে। নিহত ওই যুবকের নাম মো: আবু সুফিয়ান (৩৫)। সে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন মিজমিজি পশ্চিমপাড়া এলাকার মৃত গোলজার হোসেনের ছেলে এবং সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী ইয়াসিনের ভাতিজা। এ ঘটনায় নিহত আবু সুফিয়ানের চাচা জজ মিয়া বাদি হয়ে গতকাল বৃহস্পতিবার বনভোজনগামী যাত্রী এবং ওই বাসের চালক, হেলপারসহ অজ্ঞাত ২০-২৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছে।
মামলা সূত্রে জানা যায়, গত বুধবার রাত সাড়ে ১০টায় আবু সুফিয়ান (৩৫) এবং তার বন্ধু অনিক সরকার হৃদয় (২৪) মোটরসাইকেলে সাইনবোর্ড হতে সিদ্ধিরগঞ্জের মিজমিজি নিজ বাড়িতে ফিরছিলেন। এ সময় মোটরসাইকেলটিকে সিডিএম ট্রাভেলসের (ঢাকা-মেট্রো ব-১৪-৪৬৪৯) একটি বাস চাপা দেয়। এ সময় সুফিয়ান ও তার বন্ধু হৃদয় কোনো রকমে নিজেদের রক্ষা করে। পরে তারা কিছু দূর এগিয়ে বাসটির গতি রোধ করে। এ সময় বাসের চালক, হেলপারসহ বনভোজনগামী যাত্রীদের সাথে বাগি¦তণ্ডায় জড়িয়ে পড়ে তারা। বাগি¦তণ্ডার একপর্যায়ে বনভোজনের যাত্রী এবং বাসের চালক ও হেলপারসহ ২০-২৫ জন সুফিয়ান ও হৃদয়কে গণপিটুনি দেয়। মামলায় আরো উল্লেখ করা হয়, গণপিটুনির একপর্যায়ে সুফিয়ানকে গলায় পা দিয়ে চাপ দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়। এ সময় তাদের আর্তচিৎকারে আশপাশের লোকজন এবং হাইওয়ে পুলিশ এগিয়ে এলে অন্যরা সবাই পালিয়ে যায়। পরে তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিলে সেখান থেকে তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সুফিয়ানকে মৃত ঘোষণা করেন।
সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম জানায়,গত বুধবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের সানাড়পাড় এলাকায় সুফিয়ান নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নিহতের চাচা বাদি হয়ে একটি মামলা দায়ের করেছে। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। দোষীদের খুঁজে বের করার চেষ্টা চলছে।