চট্টগ্রামের সাতকানিয়ায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর গণসংযোগ চলাকালে নৌকা প্রার্থীর কর্মী-সমর্থকদের সাথে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পথচারী ও উভয় পক্ষের কর্মী-সমর্থক মিলে অন্তত ১৮ জন গুলিবিদ্ধসহ আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় উপজেলার খাগরিয়া ইউনিয়নের ভোরবাজারের গণিপাড়ায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো: জসিম উদ্দীন তার কর্মী-সমর্থকদের নিয়ে গণিপাড়ায় গণসংযোগ করতে যান। এ সময় আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মো: আকতার হোসেনের সমর্থকদের মুখোমুখি হলে উভয়পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের গুলিবিদ্ধসহ কমপক্ষে ১৮ জন আহত হয়। আহতরা হলেনÑ মো: শাহ আলম (৫৫), আহমদ হোসেন (৫০), মো: মারুফ (১০), মো: মুহিবুল (৩৫), ইসলাম খাতুন (৬০), মো: রফিক (৫২), মো: ফারুক (৬১), মুন্সি মিয়া (৫৫), আবদুল সালাম (৩৪), আবছার উদ্দীন (৪৫), মো: সায়েদ (২৫), আবু সুফিয়ান (২১), মনির আহমদ (৬২), জাফর আহমদ (৫৫), মহসিন (৩৬), রাশেদুল ইসলাম (২৩), মো: হাসান (২২) ও নুরুল আলম (২৩)। আহতদের প্রথমে দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং পরে গুরুতর আহত ১২ জনকে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়। এ ব্যাপারে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দীন জানান, আমি বেলা সাড়ে ১১টায় মিছিল নিয়ে খাগরিয়া ভোরবাজার এলাকায় গেলে নৌকার প্রার্থী আকতার হোসেনের নেতৃত্বে আমার সমর্থকদের ওপর হামলা ও গুলিবর্ষণ শুরু করা হয়। এতে আমার ১৫ জন কর্মী-সমর্থক আহত ও গুলিবিদ্ধ হয়। এ দিকে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আকতার হোসেন জানান, জসিম উদ্দীন নিজেই সন্ত্রাসী বাহিনী নিয়ে এসে গুলি করে আমাকে ফাঁসানোর জন্য এই কাজ করেছে এবং আমার নির্বাচনী অফিস ভাঙচুর করে।
সাতকানিয়া থানার ওসি আবদুল জলিল বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। এ ধরনের যারা ঘটনা ঘটিয়েছে তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সাতকানিয়ায় স্বতন্ত্র ও নৌকা প্রার্থীর কর্মীদের সংঘর্ষ, আহত ১৮
চট্টগ্রামের সাতকানিয়ায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর গণসংযোগ চলাকালে নৌকা প্রার্থীর কর্মী-সমর্থকদের সাথে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পথচারী ও উভয় পক্ষের কর্মী-সমর্থক মিলে অন্তত ১৮ জন...



