লক্ষ্মীপুরে কৃষক আকবর হোসেন হত্যা মামলায় পাঁচজনকে মৃত্যুদণ্ড ও তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ মামলায় আরো তিন আসামি বেকসুর খালাস পেয়েছেন। গতকাল বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ রহিবুল ইসলাম এ রায় দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- জসিম উদ্দিন, নুর মিয়া, সফিকুর রহমান, মো: তৌহির হোসেন ও মো: রুবেল হোসেন। যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন- জুয়েল, রাহেলা বেগম ও মোক্তার হোসেন। এর মধ্যে জুয়েল ও মোক্তার আদালতে অনুপস্থিত ছিলেন। খালাস লাভ করেন, ওসমান কবিরাজ ও উম্মে হাবিবা সুমাইয়া।
আদালত সূত্রে জানা যায়, জমিসংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে ২০১৮ সালের ৭ সেপ্টেম্বর রায়পুর উপজেলার চরবংশী ইউনিয়নে কৃষক আকবর হোসেনকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় পর নিহতের ছেলে মো: তহিরুল ইসলাম বাদি হয়ে হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ ২০১৯ সালের ১ এপ্রিল ১১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। আদালত ৩১ জন সাক্ষীর মধ্যে ১৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও দীর্ঘ শুনানি শেষে এ রায় দেন।