নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিয়ে এখনই ভবিষ্যদ্বাণী করা যাবে না। আমরা একটি কমিশন হিসেবে মাত্র দায়িত্ব নিয়েছি। আমাদের আরো সময় দিন। একটু সময় গড়ানোর পর যথাসময়ে আমরা এ ব্যাপারে জানাতে পারব। গতকাল দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, আমি ও আমার সহকর্মীরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে আসতে পেরে নিজেদেরকে পরম সৌভাগ্যকমান মনে করছি। আমি যাকে নিজের চোখে দেখেছি তিনি এখানে শায়িত। বাংলাদেশকে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে যে প্রতিষ্ঠা লাভ করেছে তার নেতৃত্ব দিয়েছিলেন এই মানুষটি। ৭ মার্চের ভাষণের ধারাবাহিকতায় ২৬ মার্চ থেকে মুক্তিযুদ্ধ শুরু হয়ে ১৬ ডিসেম্বর আমরা পরিপূর্ণ বিজয় অর্জন করি।
এর আগে তিনি টুঙ্গিপাড়ায় পৌঁছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা জানান। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রূহের মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মুনাজাতে অংশ নেন। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বঙ্গবন্ধু ভবনে রক্ষিত মন্তব্য বহিতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
এ সময় নবনিযুক্ত নির্বাচন কমিশনার মো: আহসান হাবিব খান, বেগম রাশেদা সুলতানা, মো: আলমগীর, মো: আনিছুর রহমান, নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মো: হুমায়ুন কবীর খোন্দকার, জেলা প্রশাসক শাহিদা সুলতানা, অতিরিক্ত পুলিশ সুপার আবদুর রহমান, জেলা নির্বাচন কর্মকর্তা মুহা: ফয়জুল মোল্লা, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম হেদায়েতুল ইসলাম, টুঙ্গিপাড়া পৌরমেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, সাবেক মেয়র মো: ইলিয়াস হোসেন, শেখ সাইফুল ইসলামসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।