রোজার প্রথম দিন থেকে ঘন ঘন লোডশেডিংয়ের কারণে নওগাঁর মান্দার দেলুয়াবাড়ি পল্লীবিদ্যুৎ উপকেন্দ্রে গত বুধবার রাতে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে হামলা চালিয়েছে। হামলায় পল্লীবিদ্যুতের দেলুয়াবাড়ি উপকেন্দ্রের স্টেশন কর্মকর্তা নজমুল হক (৪০), অফিস সহকারী আনোয়ারুল কবির (৪০), লাইনম্যান আবু সুফিয়ান (৩৩), মহানুর ইসলাম (২২) এবং গোলাপ হোসেন (২৪) আহত হয়েছেন। তবে ওই হামলার ঘটনায় ষড়যন্ত্রমূলকভাবে বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মামলায় জড়িয়ে হয়রানির অভিযোগ ওঠেছে পল্লীবিদ্যুৎ সমিতি মান্দা জোনাল অফিসের বিরুদ্ধে ।
অভিযোগে জানা গেছে, নওগাঁর মান্দায় গত চার দিন ধরে রোজা শুরুর প্রথম দিন থেকেই দিনে কমপক্ষে ১০-১৫ বার ঘন ঘন বিদ্যুৎ-বিভ্রাটের কারণে জনজীবন অসহনীয় হয়ে ওঠে। ক্ষুব্ধ এলাকাবাসী পল্লীবিদ্যুতের উপকেন্দ্রে হামলা চালায়।
এ ঘটনায় গত বুধবার রাতেই নওগাঁ পল্লীবিদ্যুৎ সমিতি-১ এর আওতাধীন মান্দা জোনাল অফিসের সহকারী মহাব্যবস্থাপক সিরাজুল ইসলাম বাদি হয়ে মান্দা থানায় ১৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৪০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। মামলায় অধিকাংশ আসামি স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নাম জড়ানো হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
পল্লীবিদ্যুৎ সমিতি মান্দা জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক শফিউল আলম বলেন, গ্যাসের সরবরাহ কমে যাওয়ায় উৎপাদন কমে যাওয়ায় তিন-চার দিন ধরে লোডশেডিং বৃদ্ধি পেয়েছে।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান শাহিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দেলুয়াবাড়ি উপকেন্দ্রে হামলা ও ভাঙচুরের ঘটনায় মান্দা পল্লীবিদ্যুৎ সমিতির পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।



