নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডের বেকা গার্মেন্ট অ্যান্ড টেক্সটাইলের শ্রমিকরা তিন মাসের বকেয়া বেতনের দাবিতে ফের সড়ক অবরোধ করেছেন। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সংযুক্ত শিমরাইল-আদমজী সড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ শ্রমিকরা। রাস্তা অবরোধের ফলে প্রায় ১ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। শিল্পাঞ্চল পুলিশ এবং সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জলকামান দিয়ে গরম পানি নিক্ষেপ এবং লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় হুড়াহুড়ির কারণে অন্তত ১৫ শ্রমিক আহত হন বলে শ্রমিকদের দাবি। তবে তাৎক্ষণিক কারো নাম জানা যায়নি।
আন্দোলনরত শ্রমিকরা জানান, বেকা গার্মেন্ট অ্যান্ড টেক্সটাইলে অন্তত ৯০০ শ্রমিক কাজ করেন। তাদের কারো দুই মাস আবার কারো তিন মাসের বেতন পাওনা রয়েছে। মালিক কর্তৃপক্ষ বেতন দেয়ার কথা বললেও এখনো পর্যন্ত তারা কোনো শ্রমিকেরই বেতন বুঝিয়ে দেননি।
আকলিমা আক্তার নামে এক নারী শ্রমিক জানান, বেতন না পাওয়ায় শ্রমিকরা কষ্টে দিন কাটাচ্ছে। কষ্টের কথা মালিক পক্ষকে বারবার জানিয়েও কোনো লাভ হচ্ছে না। এক দিকে রমজান মাস, আবার সামনে চলে আসছে ঈদ, বাড়ি ভাড়া বাকি, ছেলেমেয়ে নিয়ে অনেক কষ্টে দিন পার করছি, মালিক পক্ষ বেতন দিচ্ছে না। তাই বাধ্য হয়ে রাস্তা অবরোধ করে আন্দোলন করতে হচ্ছে আমাদের।
এ বিষয়ে শ্রমিক জাগরণ মঞ্চ কেন্দ্রীয় কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম গোলক বলেন বেকা গার্মেন্টের শ্রমিকের ওপর নির্যাতন মেনে নেয়া যায় না। বেকা মালিক পক্ষ বেতন না দিয়ে বেআইনিভাবে কোম্পানি বন্ধ করে দেয়। ১০ দিন পর ঈদ শ্রমিকরা কিভাবে ঈদ করবে, বেতন বোনাস পাবে কি না এ ব্যাপারে বেপজা নীরব রয়েছে। বেপজা চাইলে ১২ ঘণ্টার মধ্য বেকা কোম্পানির মালিককে নিয়ে এসে শ্রমিকদের সব বকেয়া ও বোনাস পরিশোধ করা সম্ভব। এ সময় তিনি ১২ ঘণ্টার মধ্যে শ্রমিকদের সব বকেয়া পরিশোধের জন্য মালিক ও বেপজা কর্তৃপক্ষকে অনুরোধ করেন।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমান জানান, বেকা গার্মেন্ট মালিক কর্তৃৃপক্ষের সাথে আমরা নিয়মিত যোগাযোগ করে আসছি। তারা আমাদের আশ্বাস দিয়েছিল ১৮ তারিখের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন বুঝিয়ে দেবে।
কিন্তু তারা এখনো পর্যন্ত শ্রমিকদের বেতন বুঝিয়ে দেয়নি। বেপজা শ্রমিকদের বেতনের বিষয়টি দেখবে। যেকোনো বিশৃঙ্খলা ঠেকাতে আমাদের সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানান ওসি মশিউর।
ং