রাঙ্গামাটির বরকল উপজেলায় লক্ষ্মী চন্দ্র চাকমা (৫০) নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। নিহত লক্ষ্মী চন্দ্র অতীতে পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ গণতান্ত্রিক দলের কর্মী ছিলেন বলে জানা গেছে । গতকাল বৃহস্পতিবার দুপুরে এমন তথ্য নিশ্চিত করেছেন- বরকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দীন।
জানা গেছে বুধবার রাতে বরকল উপজেলার সুবলং ইউনিয়নের শিলছড়ি (পরিচিতি নাম উখছড়ি) এলাকায় সশস্ত্র সন্ত্রাসীরা এসে লক্ষ্মী চন্দ্র চাকমার বসতবাড়িতে গুলি করে হত্যা নিশ্চিত করে পালিয়ে যায়।
লক্ষ্মী চন্দ্র অতীতে পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ গণতান্ত্রিক দলের কর্মী ছিলেন। বর্তমানে তিনি সবকিছু ছেড়ে পারিবারিক কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করছিলেন।
লক্ষ্মী চন্দ্র ইউপিডিএফ গণতান্ত্রিক গ্রুপের সাথে এখনো যোগাযোগ রাখছেন এবং তাদের হয়ে তথ্য সরবরাহ করছেন এমন ধারণায় প্রতিপক্ষের হামলায় তিনি নিহত হয়েছেন বলে স্থানীয়রা মনে করছেন।
বরকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন বলেন লাশটি উদ্ধারে বরকল পুলিশ ঘটনাস্থলে রওনা করেছে। তারা ফিরে এলে বিস্তারিত জানানো হবে।