বেগম মতিয়া চৌধুরী বলেছেন বিএনপির আমলে দেশে আইয়ামে জাহেলিয়ার যুগ ছিল আর আওয়ামী লীগ এর আমলে দেশ আলোর পথের অধিকারী হয়েছে। কী বিদ্যুতের আলোই বলেন বা মানুষের মানবিক বিকাশের আলোই বলেন বা শিক্ষার আলো বলেন। আপনার দোয়া করুন শেখ হাসিনা যেন এভাবে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যেতে পারে।
কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী গতকাল বুধবার শেরপুরের নালিতাবাড়ীর রাজনগর ইউনিয়নের সুলফিকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের মধ্যে নগদ অর্থ ও প্রণোদনার উপহার বিতরণকালে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, পৃথিবীর কয়টা দেশ বিনা পয়সায় বই দিয়েছে? শেখ হাসিনার দ্বারাই তা সম্ভব হয়েছে। বেগম খালেদা জিয়াকে উদ্দেশ করে বলেন, বিদেশে টাকা পাচার করলে বিনা পয়সায় বই দেবে কখন। আর কোকো আর তারেকের সাথে তো বইয়ের সম্পর্কই নেই।
তিনি তার নির্বাচনী এলাকা নালিতাবাড়ী ও নকলা উপজেলার দু’টি পৌরসভা এবং ২১টি ইউনিয়নে দিনব্যাপী পৃথক অনুষ্ঠানে নগদ অর্থ ও প্রণোদনার উপহার বিতরণ করেন। এ সময় তার সাথে সহকারী পুলিশ সুপার আফরোজা নাজনীন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) সঞ্চিতা বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াজ কুরুনী, হাজী মোশারফ হোসেন, জেলা আওয়ামী লীগ নেতা সরকার গোলাম ফারুক, পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ বকুলসহ অন্যরা উপস্থিত ছিলেন।
এ দিন তিনি প্রতিটি প্রাথমিক বিদ্যালয় ও এবতেদায়ি মাদরাসার তৃতীয় শ্রেণীর মেধা তালিকায় প্রথম ১৪ জন শিক্ষার্থীর মধ্যে ফ্যান, চতুর্থ শ্রেুণীর মেধা তালিকায় প্রথম ১৫ জন শিক্ষার্থীর মধ্যে সোলার ল্যাম্প, এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের মেধা তালিকায় প্রথম দশজনের মধ্যে এক হাজার করে নগদ টাকা বিতরণ করেন। এ সময় প্রতিটি ইউনিয়ন এবং পৌরসভার তিনটি করে মসজিদ ছাড়াও গির্জা ও মন্দিরে এক বান্ডেল করে ঢেউটিন ও নগদ তিন হাজার করে টাকা বিতরণ করেন তিনি।