জয়পুরহাটের কালাই উপজেলায় মোহসীন আলী (৩২) নামে মসজিদের এক ইমামকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার সকালে খবর পেয়ে উপজেলার জিন্দারপুর ইউনিয়নে ত্রিমোহনী এলাকার বামন গ্রামের মাঠ থেকে ওই ইমামের লাশ উদ্ধার করে পুলিশ। এ বিষয়টি নিশ্চিত করেছেন কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীন।
নিহত মোহসীন আলী ওই উপজেলার জিন্দারপুর ইউনিয়নে বাঁকড়া বেলগাড়িয়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে ও নিজ গ্রামের জামে মসজিদের ইমাম। এর পাশাপাশি তিনি প্রাইভেট শিক্ষক হিসেবে আরবি পড়াতেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীন বলেন, মঙ্গলবার বিকেলে প্রাইভেট পড়ানোর কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে যাননি মোহসীন আলী। বুধবার সকালে কৃষকরা ওই মাঠে কৃষিকাজ করতে গিয়ে লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেলা আধুনিক জেলা হাসপাতালে পাঠিয়েছে।
পূর্বশত্রুতার জের ধরে ঘটনাস্থলে ডেকে এনে তাকে হত্যা করা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলে জানান তিনি।