পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রীর জনসভাস্থল মাদারীপুরের শিবচরের বাংলাবাজার ঘাটসহ সংশ্লিষ্ট স্থান পরিদর্শন করেছেন চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীসহ নৌ-পরিবহন মন্ত্রনালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। শনিবার সকাল ৯টার দিকে প্রতিনিধিদলটি স্পিডবোটে বাংলাবাজার ঘাটের বিভিন্ন পয়েন্ট পর্যবেক্ষণ করে। প্রতিনিধিদলটি জনসভায় সারা দেশ থেকে নৌযানে আসা মানুষের জন্য ব্যবস্থাপনার বিষয়গুলো সরেজমিনে দেখে। এ সময় তারা লঞ্চ ঘাট ও জনসভাস্থল পরিদর্শন করে। এ সময় নৌপরিবহনমন্ত্রী বলেন, ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধনী জনসভায় যুক্ত হবে দেশের ১৭ কোটি মানুষই।
এ সময় বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক, জেলা পরিষদ প্রশাসক মুনির চৌধুরী, জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, পুলিশ সুপার মো: গোলাম মোস্তফা রাসেল, শিবচর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ আ: লতিফ মোল্লা, পৌরসভার মেয়র মো: আওলাদ হোসেন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আসাদুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন। এদিন পরে চিফ হুইপ শিরুয়াইল ইউনিয়নের উৎরাইল মহিলা মাদরাসার নবনির্মিত ভবন উদ্বোধন ও মতবিনিময়, শিরুয়াইল উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন ও মতবিনিময়, নূর-ই আলম চৌধুরী অডিটোরিয়ামে নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের মধ্যে অনুদানের চেক ও চিফ হুইপের ঐচ্ছিক তহবিলের চেক বিতরণ করেন, চৌধুরী ফাতেমা বেগম পৌর অডিটোরিয়ামে পদ্মা বহুমুখী সেতুর উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রীর জনসভা সফল করার লক্ষ্যে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত বিশেষ বর্ধিত সভায় যোগদান করেন।
প্রধানমন্ত্রীর জনসভাস্থল পরিদর্শনকালে চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বলেন, জনসভাস্থলে ৩০ জুন পর্যন্ত বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। একসাথে সারা দেশেই উৎসবের আয়োজন করা হয়েছে। দক্ষিণাঞ্চলের ১০ লক্ষাধিক মানুষ এখানে আসবেন তারা যেন প্রধানমন্ত্রীর বক্তব্য শুনতে পারেন তার সব সুযোগ-সুবিধা করা হচ্ছে।
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে ঐতিহাসিক জনসভার মূল সমন্বয়ক চিফ হুইপ। তিনি যেভাবে নির্দেশনা দিচ্ছেন সেভাবেই নৌ পরিবহন মন্ত্রণালয় কাজ করছে।
নৌ প্রতিমন্ত্রী আরো বলেন, বাংলাদেশের ৫০ বছরের ইতিহাসে এত উৎসবমুখর অনুষ্ঠান আর কখনো হয়নি। যেটা ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধনী অনুষ্ঠানে হতে যাচ্ছে। ১৭ কোটি মানুষের দেশটিই সেদিন থাকবে পদ্মা সেতুর জনসভার দিকে। পুরো বাংলাদেশই সেদিন জনসভা হয়ে যাবে।
নৌযান শ্রমিকদের বেকার হয়ে পড়ার ব্যাপারে প্রতিমন্ত্রী বলেন, শেখ হাসিনা যখন বাংলাদেশে প্রধানমন্ত্রী তখন এ দেশে কেউ বেকার রবে না। সবারই কর্মসংস্থান হবে।