আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দাগী সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক কারবারি, ভূমি দখলদাররা আওয়ামী লীগদের নেতা হতে পারে না। আওয়ামী লীগে দূষিত রক্তের স্থান নেই। দূষিত রক্ত দল থেকে বিতাড়িত করতে হবে। গতকাল শনিবার দুপুরে ভোলা শহরের সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের আরো বলেন, যারা বঙ্গবন্ধুকে হত্যা করে ইতিহাস থেকে তার নাম মুছে দিতে চেয়েছিল, তারাই আজ ইতিহাস থেকে মুছে যাচ্ছে। আওয়ামী লীগ কখনই কারো বিরুদ্ধে ষড়যন্ত্র করেনি, কিন্তু বারবার ষড়যন্ত্রের স্বীকার হয়েছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশে ফিরে এসেছিলেন বলেই অবরুদ্ধ গণতন্ত্র শৃঙ্খলমুক্ত হয়েছিল। তিনি এসেছিলেন বলেই স্বৈরাচারের বিরুদ্ধে গোটা জাতি ঐক্যবদ্ধ হয়েছিল, সীমান্ত সমস্যার দীর্ঘ সমস্যার সমাধান হয়েছে, মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট উঠেছে। তিনি বলেন, সংগঠনকে আরো এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে। যারা সংগঠনকে সমালোচিত করতে চায় তাদের পাশে ঠেলে দিয়ে এগিয়ে যেতে হবে। আগামী দিনে আওয়ামী লীগকে ডিজিটাল স্মার্ট আওয়ামী লীগে রূপ দিতে কাজ করার আহ্বান জানান তিনি।
সম্মেলনে জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবদুল মমিন টুলুর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন দলের উপদেষ্টা, সাবেক বাণিজ্য মন্ত্রী ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ। এ সময় আরো উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরীবিক্ষণ কমিটির আহ্বায়ক আবুল হাসনাত আবদুল্লাহ এমপি। প্রধান বক্তা ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন।
বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ, শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক মো: সিদ্দিকুর রহমান প্রমুখ।