নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ আদমজী বিহারি ক্যাম্পে পুলিশ-র্যাব ও জনতার সংঘর্ষে গতকাল পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। রাতের আঁধারে পুলিশি অভিযানের প্রতিবাদে সড়ক অবরোধ করার পর বাধা দেয়ায় এ সংঘর্ষ হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে র্যাব ও পুলিশ যৌথ অভিযান চালায়। এ সময় পুলিশ লাঠিচার্জ, টিয়ার শেল ও গুলি চালিয়েছে। পুলিশকে লক্ষ্য করে বৃষ্টির মতো ইটপাটকেল নিক্ষেপ করে জনতা। তারা টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে। এ ঘটনায় প্রায় ২৫ জন আহত হয়েছে।
গতকাল সোমবার সকালে আদমজী বিহারি কলোনি এলাকায় এ ঘটনা ঘটে। এর আগে রোববার দিবাগত রাতে এলাকায় বাড়ি বাড়ি অভিযান চালিয়ে ৩১ জনকে গ্রেফতার করে নিয়ে যায় পুলিশ। গ্রেফতারকৃতদের মুক্তির দাবিতে সকাল থেকে কলোনির সড়ক ও মূল সড়ক অবরোধ করে আন্দোলনকারীরা। পরে পুলিশ তাদের বাধা দিলে তারা রাস্তা ছাড়বে না বলে জানিয়ে দেয়। এক পর্যায়ে পুলিশ ধাওয়া দিলে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে তারা। এ সময় পুলিশ লাঠিচার্জ, টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে।
বিহারি ক্যাম্পের লোকজনের অভিযোগ, গত শুক্রবার আদমজী জামে মসজিদে পুলিশ কর্মকর্তার ওপর হামলার ঘটনায় আসামিদের ধরতে রোববার দিবাগত রাত ১টা থেকে সোমবার ভোররাত ৪টা পর্যন্ত ক্যাম্পে অভিযান চালায় বিপুলসংখ্যক পুলিশ। অভিযানে ৩১ জনকে গ্রেফতার এবং অনেক নারী-পুরুষকে লাঞ্ছিত করা এবং ঘরের দরজা-জানালা ভাঙচুর করা হয়। এই ঘটনার প্রতিবাদে তারা সকালে থানা ঘেরাও করে।
সূত্র জানায়, বিহারি ক্যাম্পের লোকজন সড়কের ওপর কাঠের টেবিল, চকি ফেলে যানবাহন চলাচলে বাধা দেয়। এ সময় পুলিশের পক্ষ থেকে বলা হয়, অভিযানে যদি কোনো নিরপরাধ মানুষ আটক হয়ে থাকে আলোচনার মাধ্যমে তাকে ছেড়ে দেয়া হবে। কিন্তু বিক্ষোভকারীরা সবাইকে ছেড়ে দেয়ার দাবি জানায়। এরপরই পুলিশের ওপর ঢিল ছুড়ে বিক্ষোভকারীরা। সকাল ৯টার দিকে অ্যাকশনে যায় পুলিশ ও র্যাব। লাঠিচার্জ শুরু করে পুলিশ। এ সময় পুলিশ ও র্যাবের সাথে তাদের সংঘর্ষ হয়।
পুলিশ লাঠিচার্জ, টিয়ার শেল ও শর্টগানের গুলি ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। সোয়া ৯টার দিকে সড়কে যানবাহন চলাচল শুরু হয়। পরে নতুনবাজার ও বিহারি ক্যাম্পের পকেট গেট এলাকায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে। মুহুর্মুহু শর্টগানের গুলি ও টিয়ার শেলের শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। বিহারিরাও ইটপাটকেল নিক্ষেপ করে পুলিশের ওপর। দুপুর সাড়ে ১২টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে নতুনবাজার পকেট গেট এলাকায় ব্যারিকেড দিয়ে রাখে বিহারিরা। ফলে পুলিশ ক্যাম্পে ঢুকতে পারেনি।
সংঘর্ষের সময় নারায়ণগঞ্জ-আদমজী-চিটাগাংরোডে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান বিশেষ করে আদমজী ইপিজেডে প্রবেশ করতে গিয়ে ভোগান্তিতে পড়েন শ্রমিক-কর্মচারী-কর্মকর্তারা। স্থানীয় লোকজনের অভিযোগ, পুলিশের মামলায় যাদের আসামি করা হয়েছে তাদের নাম দিয়েছে পুলিশ সোর্স ক্যাম্পের ভুট্টু। ঘটনার সঙ্গে জড়িত ছিল না এমন মানুষের নামও পুলিশকে দেয়া হয়েছে। ক্যাম্পের ভোলা মেম্বার হ্যান্ড মাইকিং করে লোকজন জড়ো করে। সোর্স ভুট্টু দীর্ঘ দিন ধরে মানুষকে হয়রানি করার অভিযোগ রয়েছে।
বিহারি ক্যাম্পের চেয়ারম্যান লিয়াকত হোসেন জানান, শুক্রবার মসজিদের ঘটনায় পুলিশ বাদি হয়ে মামলা করেছে। রোববার রাত থেকে সোমবার ভোররাত পর্যন্ত বিপুলসংখ্যক পুলিশ ক্যাম্পের ভেতর অভিযান চালায়। পুলিশ অনেক নারী-পুরুষকে মারধর করেছে। আবার ঘটনার সময় মসজিদে যায়নি এবং হামলায় ছিল না এমন লোককেও গ্রেফতার করা হয়েছে। পুলিশের এমন আচরণে ক্যাম্পের অধিবাসীরা ক্ষিপ্ত হয়ে উঠে। তারা আমার বাসায় এসে দরজা-জানালায় আঘাত করে।
প্রসঙ্গত ভারতে মহানবী সা:কে নিয়ে কটূক্তির প্রতিবাদে গত শুক্রবার জুমার নামাজের সময় আদমজী শাহী মসজিদে ইমামের বক্তব্য দেয়াকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। ইমামের বক্তব্য চলাকালে সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সৈয়দ আজিজুল হক তাকে থামিয়ে বলেন, ভারতের ঘটনা ভারতে থাকুক, এখানে আমরা কোনো বিশৃঙ্খলা যেন না করি। এ সময় ক্ষুব্ধ হয়ে তাকে মসজিদের ভেতরে মারধর করেন লোকজন।
এ ঘটনায় শনিবার সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মির্জা শহিদুল ইসলাম বাদি হয়ে ৫০ জনের নাম উল্লেখ করে এবং ১২৫ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেন। এই মামলার আসামি ধরতেই রোববার দিবাগত রাতে অভিযানে নামে পুলিশ।
নারায়ণগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম জানান, পুলিশের বিশেষ অভিযানে কিছু আসামি ধরা হয়। এ ঘটনায় তাদের লোকজন থানার সামনে এসে জড়ো হয়। এ নিয়ে ঝামেলা হয়েছে। তবে কেউ হতাহত হয়নি। সিদ্ধিরগঞ্জ থানার এসআইকে মারধরের ঘটনায় গ্রেফতার অভিযান চালানো হয়েছিল কি না প্রশ্নের জবাবে তিনি বলেন, শুধু এসআইকে মারধরের ঘটনা নয়, ওই এলাকায় মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের আস্তানা রয়েছে। সব মিলিয়ে অভিযান চালিয়ে ৩১ জনকে গ্রেফতার করা হয়েছে।
সিদ্ধিরগঞ্জ রণক্ষেত্র
পুলিশ-র্যাব ও জনতার সংঘর্ষ; লাঠি গুলি টিয়ার শেল, আহত ২৫; বাড়ি বাড়ি অভিযানে গ্রেফতার ৩১v
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ আদমজী বিহারি ক্যাম্পে পুলিশ-র্যাব ও জনতার সংঘর্ষে গতকাল পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। রাতের আঁধারে পুলিশি অভিযানের প্রতিবাদে সড়ক অবরোধ করার পর বাধা...



