রাজবাড়ীর পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের বাহের মোড় কুম্বুলমাঠ এলাকায় এক ইউপি সদস্যকে গুলিতে হত্যা করা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে এ ঘটনাটি ঘটে।
নিহত ফয়েজুর বিশ্বাস ওরফে ফয়েজ মেম্বার (৫০) পাট্টা ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের নির্বাচিত সদস্য ছিলেন। তার বাবার নাম আবদুল হামিদ বিশ্বাস। ফয়েজুরের বাড়ি পাট্টা ইউনিয়নের বিলমণ্ডপ গ্রামে। তিনি দুই সন্তানের জনক ছিলেন। আগেও একবার তাকে গুলি করে হত্যার চেষ্টা করা হয়েছিল।
জানা যায়, প্রায় ১০ বছর আগে ফয়েজুর ও ৩ নম্বর ওয়ার্ডের সদস্য দেবেশ শীলকে হত্যাচেষ্টা করা হয়। তাদের ফোন করে আঁধারকোটা মোড় নামক এলাকায় ডেকে নিয়ে গুলি করা হয়। দেবেশ ঘটনাস্থলেই নিহত হন। কিন্তু প্রাণে বেঁচে যান ফয়েজুর। গতকাল বিকেলে তিনি বাহের মোড় নামক বাজারে ছিলেন। এ সময় তার মুঠোফোনে কল আসে। ফোনে কথা বলার পর তিনি একটি ভ্যানে রওনা দেন। কিছু দূর যাওয়ার পর সাওরাইল ইউনিয়নের কুম্বুলমাঠ নামক এলাকায় পৌঁছালে কয়েকজন মুখোশধারী তার গতি রোধ করে। স্থানটি বাহের মোড় থেকে আধা কিলোমিটার ও তার বাড়ি থেকে দেড় কিলোমিটার দূরে। তাকে ভ্যান থেকে নামিয়ে গুলি করে হত্যা করা হয়।
পাট্টা ইউপির চেয়ারম্যান আবদুর রব মুনা বিশ্বাস বলেন, আগের ঘটনায় ফয়েজুর গুলিবিদ্ধ হলেও বেঁচে যান। দীর্ঘদিন চিকিৎসা গ্রহণ করার পর তিনি সুস্থ হন। তিনি আরো বলেন, ফয়েজুর সক্রিয়ভাবে কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত ছিলেন না। হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে কিছু জানা যায়নি।
এদিকে গুলি করে ইউপি সদস্যকে হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ীর সহকারী পুলিশ সুপার (এএসপি) সুমন কুমার সাহা। তিনি বলেন, সন্ধ্যা সোয়া ৭টার দিকে বিষয়টি জানতে পেরেছি।