কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে এবার তিন কোটি ৬০ লাখ ২৭ হাজার ৪১৫ টাকা পাওয়া গেছে। যা ওই মসজিদের দানবাক্স থেকে পাওয়ার হিসাবে এ যাবৎকালের দ্বিতীয় সর্বোচ্চ। গতকাল সকাল ৮টায় দানবাক্স খোলার পর সারাদিন গণনা শেষে সন্ধ্যা ৬টায় এই হিসাব পাওয়া যায়।
বিপুল পরিমাণ নগদ টাকা ছাড়াও বিভিন্ন বিদেশী মুদ্রা ও দান হিসেবে প্রায় সাড়ে তিন কেজির মতো সোনা ও রুপার গয়না পাওয়া গেছে। বিদেশী মুদ্রার মধ্যে সৌদি রিয়াল, ভারতীয় রুপি, মালয়েশিয়ান রিংগিত সবচেয়ে বেশি। তবে বিদেশী মুদ্রার সঠিক পরিমাণ এ রিপোর্ট লেখা পর্যন্ত জানা যায়নি। সংশ্লিষ্টরা ধারণা দেন, সোনা-রুপা ও বিদেশী মুদ্রা মিলে বাজারদর অনুযায়ী এগুলোর মূল্য ৩০ লাখ টাকার বেশি হবে।
এর আগে সর্বশেষ গত ১২ মার্চ দানবাক্স খোলা হয়েছিল। তখন এ যাবৎকালের সর্বোচ্চ রেকর্ড তিন কোটি ৭৮ লাখ ৫৩ হাজার ২৭৫ টাকা পাওয়া গিয়েছিল।
তিন মাস পর পর পাগলা মসজিদের দানবাক্স খোলার নিয়ম ছিল। কিন্তু মহামারী করোনাভাইরাস শুরু হওয়ার পর থেকে বিলম্বে দানবাক্স খোলা হচ্ছিল। এবার ৩ মাস ২০ দিন পর মসজিদের দানবাক্সগুলো খোলা হয়।
কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ গোলাম মোস্তফার তত্ত্বাবধানে জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো: উবায়দুর রহমান সাহেল ও মো: মাহবুব হাসান, পাগলা মসজিদের প্রশাসনিক কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা মো: শওকত উদ্দীন ভূঞা, রূপালী ব্যাংকের এজিএম মো: রফিকুল ইসলাম, পাগলা মসজিদ কমিটির সদস্য সিনিয়র সাংবাদিক সাইফুল হক মোল্লা প্রমুখ টাকা গণনার কাজ তদারকি করেন।
পাগলা মসজিদ কমিটির সভাপতি জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম টাকা গণনার কাজ পরিদর্শন করেন।
কিশোরগঞ্জ শহরের ঐতিহাসিক স্থাপনার মধ্যে পাগলা মসজিদ অন্যতম প্রতিষ্ঠান। শহরের পশ্চিমে হারুয়া এলাকায় নরসুন্দা নদীর তীরে মাত্র ১০ শতাংশ ভূমির ওপর এই মসজিদটি গড়ে উঠেছিল। জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম নয়া দিগন্তকে বলেন, এখানে সারা বাংলাদেশ থেকে অনেক লোকজন দান করতে আসেন, নামাজ পড়েন। এমনকি বিদেশী লোকজনও আসেন। তাই মুসল্লিদের স্থান সঙ্কুলান হচ্ছে না। আমরা মসজিদ কমিটি সিদ্ধান্ত নিয়েছি এখানে একটি আন্তর্জাতিক মানসম্পন্ন মসজিদ ও ইসলামিক কমপ্লেক্স গড়ে তুলব। যেখানে একসাথে ৩০ হাজার মুসল্লি নামাজ পড়তে পারবেন। এতে প্রাথমিকভাবে ১১৫ কোটি টাকা ব্যায়ের সিদ্ধান্ত হয়েছে।
পাগলা মসজিদের দান বাক্সে এবার মিলল তিন কোটি ৬০ লাখের বেশি
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে এবার তিন কোটি ৬০ লাখ ২৭ হাজার ৪১৫ টাকা পাওয়া গেছে। যা ওই মসজিদের দানবাক্স থেকে পাওয়ার হিসাবে এ যাবৎকালের...



