গাজীপুর মহানগরের কোনাবাড়ি উড়াল সেতুতে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলেন- রাজু (৩২), শামীম (৩০) ও শাহীন (৩০)। এ দুর্ঘটনায় নিহত রাজুর আড়াই বছরের মেয়ে রাইসাকে গুরুতর অবস্থায় ঢাকা পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। শুক্রবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ি নতুনবাজার এলাকায় ফ্লাইওভারে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, কোরবানির গোশত দিতে মোটরসাইকেলে মহানগরের কোনাবাড়ি কলেজ গেট থেকে বাইমাইল এলাকায় আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন শিশুসহ চার আরোহী। মোটরসাইকেলটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ি ফ্লাইওভারের মাঝামাঝি নতুনবাজার এলাকায় পৌঁছলে একটি প্রাইভেটকার ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের চার আরোহী সড়কের ফ্লাইওভার থেকে ছিটকে নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই মারা যান দুইজন। পরে হাসপাতালে নেয়ার পথে মারা যান আরো একজন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আড়াই বছরের শিশু রাইসাকে গুরুতর অবস্থায় ঢাকা পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়। হতাহতরা কোনাবাড়ি কলেজ গেট এলাকার মান্নানের বাড়ির ভাড়াটিয়া।
গাজীপুর মহানগর পুলিশের উপ-কমিশনার মো: জাকির হাসান জানান, শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে গাজীপুর-টাঙ্গাইল সড়কের কোনাবাড়ি ফ্লাইওভারের পশ্চিম পাশ দিয়ে একটি প্রাইভেটকার টাঙ্গাইলের দিকে যাচ্ছিল। এ সময় একটি মোটরসাইকেলের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষ হয়। আমরা ধারণা করছি, মোটরসাইকেলটি উল্টোপথে আসছিল। দুর্ঘটনায় দু’জন ফ্লাইওভারের ওপর থেকে নিচে পড়ে ঘটনাস্থলেই এবং হাসপাতালে নেয়ার পথে আরো একজন নিহত হয়। এ ঘটনায় প্রাইভেটকারের যাত্রীরাও আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।