ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলম ও জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা আবদুর রহিমের মৃত্যুর ঘটনায় বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল দুপুর ১২টায় প্রত্যাহার করা হয়েছে। গতকাল সোয়া ১২টার দিকে জেলা বিএনপির কার্যালয়ে কেন্দ্রীয় প্রতিনিধিদলের সংবাদ সম্মেলনে হরতাল প্রত্যাহারের ঘোষণা দেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। বৃহস্পতিবার সকালে গয়েশ্বর চন্দ্র রায়ের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল ভোলায় পৌঁছে। এ দিকে ভোলার আদালতে গতকাল ৩৬ পুলিশের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন নিহত রহিমের স্ত্রী। সংবাদ সম্মেলনে বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় আরো বলেন, পুলিশের হামলায় নিহত ও আহত পরিবারকে ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। এ ছাড়া সরকারের নির্দেশে যদি পুলিশ গুলি না চালিয়ে থাকে তাহলে উচিত হবে তাদের শাস্তির আওতায় আনা। তিনি আরো বলেন, বিএনপি লাশের রাজনীতি করে না। আওয়ামী লীগ ভোলায় দু’টি তাজা প্রাণ কেড়ে নিয়ে শোকের মাস শুরু করেছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম, শামসুজ্জামান দুদু, অ্যাডভোকেট জয়নাল আবেদীন, বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন, ভোলা-২ আসনের সাবেক এমপি হাফিজ ইব্রাহীম, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান, কেন্দ্রীয় যুবদলের সম্পাদক আবদুল মোনায়েম মুন্না, দফতর সম্পাদক রফিকুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীর প্রমুখ।
এ দিকে জেলা বিএনপির সকাল-সন্ধ্যা ডাকা হরতাল প্রত্যাহারের ঘোষণার পর থেকেই শহরের দোকানপাট পুরোপুরি খোলা শুরু হয়। সকালে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা শহরে খণ্ড খণ্ড মিছিল করে এবং জেলা বিএনপি কার্যালয়ের সামনে বিক্ষোভ করে।


বিএনপির প্রতিনিধি দল দুপুরে প্রথমে নিহত স্বেচ্ছাসেবক দল নেতা আবদুর রহিমের বাড়িতে যান এবং তার কবরে পুষ্পস্তবক অর্পণ করেন। তারা নিহতের পরিবারকে সান্ত্বনা দেন এবং সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। পরে তারা শহরের চরনোয়াবাদ এলাকায় ছাত্রদল সভাপতি নুরে আলমের বাড়িতে গিয়ে সেখানে থাকা তার আত্মীয়স্বজনকে সান্ত্বনা দিয়ে ভোলা ত্যাগ করেন।
এ দিকে নিহত স্বেচ্ছাসেবক দল নেতা আবদুর রহিমের স্ত্রী খাদিজা বেগম গতকাল বৃহস্পতিবার বাদি হয়ে ভোলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ভোলা সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) আরমান হোসেনকে প্রধান আসামি করে ৩৬ পুলিশ সদস্যের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছেন। বাদির আইনজীবী অ্যাডভোকেট মো: ছালাউদ্দিন জানান, আদালতের বিচারক মো: আলী হায়দার মামলা আমলে নিয়ে আগামী ৮ সেপ্টেম্বরের মধ্যে এ হত্যার সব ডকুমেন্টস এবং আলামত আদালতে জমা দেয়ার জন্য পুলিশকে নির্দেশ দেন।
উল্লেখ্য, লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে কর্মসূচির অংশ হিসেবে গত রোববার বিক্ষোভ সমাবেশ করে ভোলা জেলা বিএনপি। সমাবেশ চলাকালে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় গুলিতে স্বেচ্ছাসেবক দলের নেতা আবদুর রহিম নিহত হন। এ ঘটনায় বিএনপির শতাধিক নেতাকর্মী আহত হন। আহতদের মধ্যে জেলা ছাত্রদল সভাপতি নুরে আলমও ছিলেন। গত বুধবার বিকেলে তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নুরে আলম ও আবদুর রহিমের হত্যার বিচার চেয়ে বৃহস্পতিবার শহরে সকাল-সন্ধ্যা হরতাল ঘোষণা করেছিল ভোলা জেলা বিএনপি। জেলা বিএনপি সভাপতি গোলাম নবী আলমগীর জানান, নুরে আলমের লাশ প্রথমে জেলা বিএনপি কার্যালয়ে আনা হবে। পরে রাতে খেয়াঘাট রোডের আলতাজের রহমান কলেজ মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।


যশোরে বিক্ষোভ মিছিল
যশোর অফিস জানায়, ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নূরে আলম ও স্বেচ্ছাসেবক দলনেতা আবদুর রহিমকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল হয়েছে যশোরে। বৃহস্পতিবার নগর ও সদর উপজেলা যুবদল এবং জেলা ছাত্রদল পৃথক পৃথকভাবে শহরে এ বিক্ষোভ মিছিল করে। এরপর সমাবেশ অনুষ্ঠিত হয়। নেতারা বলেন, জনতার আন্দোলনের দাবানলে সরকার পালানোর পথ খুঁজে পাবে না। এ কারণে অবৈধ ক্ষমতার মসনদ টিকিয়ে রাখতে সরকার বিএনপি নেতাকর্মীদের হত্যার মিশনে নেমেছে।
সমাবেশে বক্তৃতা করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, আহ্বায়ক কমিটির সদস্য কাজী আজম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা, নগর যুবদলের আহ্বায়ক আরিফুল ইসলাম প্রমুখ।


নোয়াখালীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
নোয়াখালী অফিস জানায়, নোয়াখালী জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা ছাত্রদলের সভাপতি আজগর উদ্দিন দুখুর সভাপতিত্বে ও নোয়াখালী জেলা ছাত্রদলের সাধারণ স¤পাদক আবু হাসান মো: নোমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস-চেয়ারম্যান মো: শাহজাহান। বক্তব্য রাখেন- জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসি, নোয়াখালী পৌরসভা বিএনপির সভাপতি আবুনাছের, জেলা বিএনপির সহদফতর স¤পাদক ওমর ফারুক টপি, জেলা যুবদলের সাধারণ স¤পাদক নুরুল আমিন খান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ছাবের আহম্মদ প্রমুখ।


বগুড়ায় বিক্ষোভ অব্যাহত
বগুড়া অফিস জানায়, বগুড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যুবদল ও ছাত্রদল। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বগুড়া শহর যুবদলের উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে শহরের নবাব বাড়ী রোডের দলীয় কার্যালয়ের সামনে শহর আহ্বায়ক আহসান হাবিব মমির সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য দেন চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, যুবদলের জাহাঙ্গীর আলম হারুনুর রশিদ সুজন প্রমুখ।
অপর দিকে জেলা ছাত্রদলের উদ্যোগে জেলা সভাপতি আবু হাসানের সভাপতিত্বে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক রেজাউল করিম বাদশা, বিএনপি নেতা ফজলুল বারী বেলাল, মাফতুন আহমেদ খান রুবেল, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী রিগ্যান প্রমুখ।