জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে ভাড়া বাড়ানোর দাবিতে বন্দর ও শিল্প নগরী ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে টানা তিনদিন ধরে চলছে ট্রাক ধর্মঘট। ধর্মঘটের তৃতীয় দিনেও কোনো ট্রাকে পণ্য বহন করতে দেখা যায়নি। এতে করে পরিবহন সঙ্কটে আশুগঞ্জ মোকামে ধান বেচাকেনা বন্ধ হয়ে গেছে। গত শনিবার থেকে ভাড়া বাড়ানোর দাবিতে দেশের পূর্বাঞ্চলের বৃহত্তম এ মোকামে ধর্মঘট পালন করছেন ট্রাক মালিকরা। গত সোমবার পর্যন্ত নিজেদের দাবিতে অনড় রয়েছেন তারা। এতে কর্মহীন হয়ে পড়েছেন মোকামের প্রায় এক হাজার শ্রমিক।
সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা গেছে, সম্প্রতি ভারত থেকে চাল আমদানির ফলে আশুগঞ্জ ধানের মোকামে বেচাকেনা কমেছে প্রায় ৩০ শতাংশ। এরপর জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি মোকামে নতুন সঙ্কট তৈরি করেছে। লোকসানের কারণ দেখিয়ে মোকাম থেকে ধান পরিবহন বন্ধ করে দিয়েছেন ট্রাক মালিকরা। প্রতি বস্তা ধান পরিবহনে আরো তিন টাকা ৬৫ পয়সা থেকে ছয় টাকা ৯০ পয়সা পর্যন্ত বাড়ানোর দাবিতে ধর্মঘট করছেন তারা।
সরেজমিনে দেখা যায়, ধর্মঘটের কারণে ধান পরিবহন বন্ধ থাকায় মোকামে বেচাকেনা বন্ধ রয়েছে। এতে দূর-দূরান্ত থেকে ধান নিয়ে আসা প্রায় দুই শতাধিক নৌকা আটকে আছে মেঘনা নদীর তীরের এই মোকামে। ধান নিয়ে আসা ব্যাপারীরা যেমন দুর্ভোগে পড়েছেন, তেমনি বেকার হয়ে পড়েছেন মোকামে খেটে খাওয়া শ্রমিকরা।
আশুগঞ্জ উপজেলা ট্রাক মালিক সমিতির সিনিয়র সহসভাপতি আশরাফ আলী জানান, বর্তমানে যে ট্রাক ভাড়া আছে তাতে এমনিতেই আমাদের লোকসান দিতে হয়। এখন জ্বালানি তেলের দাম বৃদ্ধির ফলে ট্রাক চালানো দায় হয়ে পড়েছে। ট্রাক ভাড়া না বাড়ানো পর্যন্ত আমাদের ধর্মঘট অব্যাহত থাকবে।
তবে মোকামের ধান-চাল ব্যবসায়ীদের দাবি, ট্রাক মালিকদের সাথে আলোচনা করেও কোনো সমঝোতা করা যায়নি। ট্রাক মালিকরা যে হারে ভাড়া দাবি করছেন, সেই অনুযায়ী ভাড়া বাড়ালে প্রভাব পড়বে চালের বাজারে। তখন চালের দাম অনেক বেড়ে যাবে।
আশুগঞ্জ উপজেলা অটোরাইসমিল মালিক সমিতির সদস্য হাসান ইমরান বলেন, ট্রাক মালিকদের সাথে আলোচনা করে বিষয়টি সমাধানের চেষ্টা করছি। কিন্তু ট্রাকের ভাড়া বাড়ালে এর প্রভাব পড়বে চালের বাজারে। কারণ পরিবহন খরচ বাড়লে ধানের দাম বেড়ে যাবে। তখন চালের বাজারে নতুন সঙ্কট সৃষ্টি হবে।
উল্লেখ্য, মেঘনা নদীর তীরে অবস্থিত আশুগঞ্জ ধানের মোকামে প্রতি মৌসুমে দৈনিক অন্তত এক লাখ মণ ধান বেচাকেনা হয়। মূলত আশুগঞ্জের এ মোকাম থেকেই জেলার আড়াইশো রাইসমিলে ধানের জোগান দেয়া হয়। ব্রাহ্মণবাড়িয়া ছাড়াও কিশোরগঞ্জ, নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, হবিগঞ্জ ও মৌলভীবাজারের হাওর এলাকায় উৎপাদিত ধান আসে আশুগঞ্জ মোকামে। এই উপজেলার চাতালকলগুলোতে উৎপাদিত চাল সরবরাহ হয় ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের বিভিন্ন জেলায়। বর্তমানে এই মোকামে বিআর-২৯ ধানের মণ ১০৮০ থেকে ১১০০ টাকা। আর মোটা ধান বিক্রি হচ্ছে ৯১০-৯২০ টাকা মণ।
জ্বালানি তেলের দাম বৃদ্ধি
ভাড়া বাড়ানোর দাবিতে আশুগঞ্জে ট্রাক ধর্মঘটের তৃতীয় দিন ধান বেচাকেনা বন্ধ
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে ভাড়া বাড়ানোর দাবিতে বন্দর ও শিল্প নগরী ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে টানা তিনদিন ধরে চলছে ট্রাক ধর্মঘট। ধর্মঘটের তৃতীয় দিনেও কোনো ট্রাকে পণ্য...



