শেরপুর থেকে চাকরির উদ্দেশ্যে মুন্সীগঞ্জে যাওয়ার পথে নারায়ণগঞ্জের ফতুল্লায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে সাইফুল ইসলাম (২৬) নামে এক যুবক খুন হয়েছে। গতকাল ভোরে পঞ্চবটি মেথরখোলা এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। নিহতের পকেটে এনআইডি কার্ড পাওয়া গেছে। তবে মোবাইল ফোনসহ অন্যান্য জিনিসপত্র পাওয়া যায়নি। লাশ তার বোনের স্বামী জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে এসে শনাক্ত করে বলে পুলিশ জানিয়েছে।
নিহত সাইফুল ইসলাম শেরপুর জেলার সদর থানার গাজীর খামার গ্রামের মোতালেব হুসাইনের ছেলে।
নিহতের ছোট বোন জামাই সফিকুল ফোনে জানান, সাইফুল বেকার। তাই তাকে আমার মুন্সীগঞ্জের কর্মস্থলে আসার জন্য বলি। এখানে আসলে তাকে একটি চাকরি সংগ্রহ করে দেয়ার কথা বলেছিলেন। এ জন্য গত শনিবার রাতে শেরপুর থেকে বাসে এসে রোববার ভোর ৪টায় ফতুল্লার পঞ্চবটি এসে নামেন। এখান থেকে মুন্সীগঞ্জে আসার জন্য আমাকে ফোন করে। তখন তাকে বলছি মোক্তারপুরের অটোরিকশায় উঠতে। তার কিছুক্ষণ পর পুলিশ সংবাদ দেয় সাইফুলকে হত্যা করেছে দুর্বৃত্তরা।
ফতুল্লা মডেল থানার ওসি মোহাম্মদ রিজাউল হক জানান, সাইফুলের বাম হাতে ও পায়ে ছুরিকাঘাত করা হয়েছে। ধারণা করা হচ্ছে, অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। হত্যাকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে।



