ভোলার চরফ্যাসনের বয়ারচরে মেঘনা নদীতে জাল পাতা নিয়ে বিরোধের জেরে গত শনিবার রাতে জলদস্যুদের হামলায় মো: রাব্বি (১৬), মিজানুর রহমান মাঝি (৫৪) নামে দুই জলে নিহত হয়েছেন, আহত হয়েছেন ১৫ জেলে। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। নিহত রাব্বি উপজেলার হাজারিগঞ্জ ইউনিয়নের খেজুর গাছিয়া গ্রামের মো: সিরাজুল ইসলামের ছেলে, মিজানুর রহমান একই এলাকার আব্দুল কাদেরের ছেলে। তারা সম্পর্কে চাচা ভাতিজা।
শশীভূষন থানার ওসি মিজানুর রহমান পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন- নিহতদের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। ধারণা করা হচ্ছে জলদস্যুরা হামলা করলে তারা লাফিয়ে পানিতে পড়ে মারা যায়। ঘটনাটি দক্ষিণ আইচা থানা এলাকা ঘটায় মামলা হলে দক্ষিণ আইচা থানায় হবে বলে তিনি জানান।