জয়পুরহাটে জোসনা কুণ্ডু (৬৫) নামে এক বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে পৌর শহরের হরিবাসর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জোসনা কুণ্ডু পৌর শহরের হরিবাসর এলাকার কুণ্ডুপাড়া মহল্লার মৃত হরিকুণ্ডুর স্ত্রী। এ ঘটনায় জিজ্ঞসাবাদের জন্য পুলিশি হেফাজতে নেয়া হয়েছে নিহতের ছোট ছেলে নিশি কুণ্ডুকে (৩৭)।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ৩০ বছর ধরে পৌর শহরের হরিবাসর এলাকায় বসবাস করতেন জোসনা কুণ্ডের পরিবার। স্বামীর মৃত্যুর পরে সেখানে একা থাকেন তিনি। চার সন্তানের মধ্যে বড় মেয়ে মারা গেছে, অপর মেয়ে শ্বশুর বাড়িতে থাকে। আর চাকরির কারণে বড় ছেলে বগুড়ায়, ছোট্ট ছেলে মাদকসেবী হওয়ায় স্থানীয় মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে থাকেন। শুক্রবার দুপুরে প্রতিবেশীরা জোসনা কুণ্ডুর ঘরে তার গলাকাটা লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে লাশ উদ্ধার করে সিআইডি টিম। এ ঘটনায় পুলিশ তার মাদকাসক্ত ছেলেকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে যায়।