দেশে প্রায় ২০ লাখ টন খাদ্যশস্য সরকারি গুদামে মজুদ রয়েছে। অসহায় ও দিনমজুরদের কথা মাথায় রেখে সরকার আগামী ১ সেপ্টেম্বর থেকে ওএমএস এবং খাদ্যবান্ধব কর্মসূচি চালু করতে যাচ্ছে। রোপা-আমন চাষাবাদ প্রকৃতির বৃষ্টির ওপর নির্ভর করে। উৎপাদন কতটুকু হবে তা নির্ভর করে প্রকৃতির ওপর। ভোক্তারা যাতে স্বস্তিতে থাকে এর জন্য সতর্কতা হিসেবে বাজারকে স্থিতিশীল রাখতে আগামী সেপ্টেম্বর মাসে ভারত, মিয়ানমার, ভিয়েতনাম ও থাইল্যান্ড থেকে জিটুজি পদ্ধতিতে চাল আমদানি করা হবে। এ লক্ষ্যে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। গতকাল সোমবার দুপুরে নওগাঁর নিয়ামতপুর উপজেলা পরিষদ কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার তহবিল থেকে ১৮ জন দরিদ্রের মধ্যে চিকিৎসা সহায়তার চেক বিতরণের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এসব কথা বলেন।
নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ফারুক সুফিয়ানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, ভাইস চেয়ারম্যান আইউব হোসাইন ও মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম প্রমুখ।
পরে মন্ত্রী ১৮ জনের মধ্যে ৮ লাখ ৮০ হাজার টাকার চেক তুলে দেন। এ ছাড়া মন্ত্রীর নিজস্ব তহবিল থেকে ১২টি মসজিদ ও মন্দিরে দুই লাখ ১৬ হাজার টাকা ও তিনজনকে ৫০ হাজার টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করেন।
প্রধান অতিথি সাধন চন্দ্র মজুমদার আরো বলেন, কৃষকেরা এখন রোপা-আমন চাষাবাদে ব্যস্ত সময় কাটাচ্ছেন। এ ফসলের চাষাবাদ প্রকৃতির বৃষ্টির ওপর নির্ভর করে তাই উৎপাদন কতটুকু হবে তাও প্রকৃতির ওপর নির্ভর। আর এ জন্য আগাম বিদেশ থেকে চাল আমদানি করতে চায়।



