মুন্সীগঞ্জ গজারিয়া উপজেলার বাউশিয়ায় বিএনপির মিছিলে অংশ নেয়ায় নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেয়ার অভিযোগ উঠেছে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ও বাউশিয়া ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ড সদস্য আল মামুন প্রধানের বিরুদ্ধে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হুমকি দেয়ার তিনটি ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় উঠেছে গোটা এলাকায়। ভিডিওগুলোতে দেখা যায়, থানার ওসি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নামে হুমকি দিচ্ছেন তিনি। বলছেন, কর্মসূচির উদ্দেশ্যে বাড়ি থেকে বিএনপির কোনো নেতা বের হলে তার হাত পা ভেঙে দেয়া হবে।
জানা যায়, রোববার বেলা ১২টায় বাউশিয়া ইউনিয়নের চর বাউশিয়া, পশ্চিমকান্দি এলাকায় বিএনপির নেতাকর্মীর বাড়ি বাড়ি যান ৮ নম্বর ওয়ার্ড সদস্য ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মো: আল মামুন।
এদিকে ভাইরাল ভিডিওতে দেখা যায়, তিনি বিএনপি নেতাকর্মীর বাড়ির কাছে গিয়ে বলছেন, ওসি সাহেব, চেয়ারম্যান, আওয়ামী লীগ নেতারা আমাকে পাঠিয়েছে হুঁশিয়ারি দেয়ার জন্য। কেউ গ্রাম থেকে বের হলে পিটানো হবে। আপনাদের বাসার লোকজনদের বলে গেলাম। যদি আওয়ামী লীগের মিটিং মিছিল হয়, যদি তার সামনে কেউ পড়ে তাহলে মনে করেন সে শেষ। জাতীয় নির্বাচনের আগে যেন কেউ বাড়িতে না থাকে। তা না হলে তাদের অবস্থা সিরিয়াস করে দেবো।
যাদের বাড়িতে গিয়ে হুমকি দিয়েছেন আল মামুন মেম্বার তাদের মধ্যে গজারিয়া উপজেলা কৃষক দলের আহ্বায়ক রাজিব বলেন, বেলা সাড়ে ১২টায় ইউপি সদস্য আল মামুনসহ ৭-৮ জন লোক আসে। আমি তখন বাড়িতে ছিলাম না। বাসায় এসে পরিবারের সদস্যদের মাধ্যমে জানতে পারি ইউপি সদস্য মামুন আমাকে মারধর ও হত্যার হুমকি দিয়ে গেছে। আমার রাজনীতি নিয়ে কথা বলেছে। তিনি বলেন, দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে সকালে বিএনপির কর্মসূচিতে অংশ নিয়েছিলাম। এ কারণে সে আমার বাড়িসহ এলাকার আরো ৪-৫টি বাড়িতে গিয়ে হুমকি দিয়েছে।
অভিযুক্ত স্বেচ্ছাসেবক লীগ নেতা আল মামুন বলেন, সরকারকে ক্ষমতায় রাখার জন্য যা দরকার হয়, তাই করব। যদি কেউ রাস্তায় বের হয় তাহলে মামলা তো হবেই পাশাপাশি পিটিয়ে হাত-পা ভেঙে ফেলব। সরকারের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দিলে সাইজ করে ফেলব। এ কথা সবার সামনেই বলেছি।’