নারায়ণগঞ্জের ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানকে অস্ত্রসহ বৃহস্পতিবার রাতে রাজধানীর বসুন্ধরার ভাটারা এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব-১১। দুই দশকের বেশি সময় ধরে আত্মগোপনে থাকা জাকির খান বিদেশে পলাতক আছে- এমনটাই জানত নারায়ণগঞ্জের মানুষ। ইতোমধ্যে একাধিক মামলায় তার সাজা হয়েছে।
জাকির খানের গ্রেফতার বিষয়ে গতকাল শনিবার দুপুরে আদমজী র্যাব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে র্যাব ১১-এর অধিনায়ক লে. কর্নেল তানভীর মাহমুদ পাশা পিএসসি জানান, নারায়ণগঞ্জের এক সময়ের শীর্ষ সন্ত্রাসী, একচ্ছত্র ক্ষমতার অধিকারী এবং সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোচিত নাম জাকির খান। তার নামে চারটি হত্যাসহ অসংখ্য মামলা রয়েছে এবং বিভিন্ন সময়ে তিনি এসব মামলায় জেল খাটেন। জেল থেকে ছাড়া পাওয়ার পর তিনি আরো দুর্র্ধর্ষ হয়ে ওঠেন। এ সময় তিনি নারায়ণগঞ্জের দেওভোগ এলাকায় বিশাল সন্ত্রাসী বাহিনী ও মাদকের সম্রাজ্য গড়ে তোলেন। এক পর্যায়ে দেওভোগ এলাকার অপর শীর্ষ সন্ত্রাসী দয়াল মাসুদকে শহরের সোনার বাংলা মার্কেটের পেছনে প্রকাশ্যে গুলি করে হত্যা করে শহরের ত্রাস হিসেবে পরিচিত হয়ে ওঠেন।
তিনি জানান, সর্বশেষ ২০০৩ সালে সাব্বির আলম হত্যাকাণ্ডের পরে তিনি দেশ ছেড়ে থাইল্যান্ডে পাড়ি জমান। এ সময়ে বিভিন্ন মামলায় জাকির খান দোষী সাব্যস্ত হলে আদালত তাকে সাজা দেন। এর পর থেকেই গ্রেফতার এড়াতে জাকির খান দেশের বাইরে অবস্থান করছিলেন।
র্যাব জানায়, ‘শীর্ষ সন্ত্রাসী জাকির খানের বিষয়ে র্যাব-১১ খোঁজখবর শুরু করে। এরই ধারাবাহিকতায় শুক্রবার রাতে র্যাব-১১ এর নারায়ণগঞ্জের একটি বিশেষ অভিযানে ডিএমপি ঢাকার ভাটারা থানার বসুন্ধরা এলাকা থেকে একটি বিদেশী পিস্তলসহ জাকির খানকে গ্রেফতার করা হয়। প্রাথমিক অনুসন্ধান ও আসামিকে জিজ্ঞাসাবাদে জানা যায়, জাকির খানের বিরুদ্ধে ১৯৯৪ সালে সন্ত্রাসমূলক অপরাধ দমন বিশেষ আইনে মামলা করা হয়। ওই মামলায় জাকির খানের ১৭ বছরের সাজা হয়। পরে উচ্চ আদালতে তার সাজা কমে আট বছর হলেও তিনি গ্রেফতার এড়াতে দেশে ও বিদেশে প্রায় ২১ বছর পলাতক ছিলেন।’
র্যাব আরো জানায়, মূলত ২০০৩ সালে সাব্বির আলম হত্যা মামলায় আসামি হলে তিনি আত্মগোপনে চলে যান। তাকে জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, তিনি দীর্ঘ দিন থাইল্যান্ডে আত্মগোপনে ছিলেন এবং সম্প্রতি ভারত হয়ে বাংলাদেশে আসেন। এর পর থেকে তিনি পরিচয় গোপন করে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় সপরিবারে বসবাস করছিলেন। গ্রেফতারকৃত জাকির খানের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
নারায়ণগঞ্জের সাবেক ছাত্রদল নেতা জাকির খান গ্রেফতার
নারায়ণগঞ্জের ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানকে অস্ত্রসহ বৃহস্পতিবার রাতে রাজধানীর বসুন্ধরার ভাটারা এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব-১১। দুই দশকের বেশি সময় ধরে আত্মগোপনে থাকা জাকির...



