নারায়ণগঞ্জে পুলিশের সাথে সংঘর্ষে যুবদল নেতা রাজ আহমেদ শাওন নিহতের ঘটনায় আদালতে রোববার সকালে মামলার আবেদন করার পর বিকেলে তা খারিজ করে দেয়া হয়েছে। রোববার বিকেল ৪টায় নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইমরান মোল্লার আদালত ওই আদেশ দেন। এর আগে সকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বাদি হয়ে নারায়ণগঞ্জ পুলিশ সুপারসহ ৪২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো ১৫০ জনকে আসামি করে মামলার আবেদন করেন। মামলায় প্রধান আসামি করা হয় নারায়ণগঞ্জ গোয়েন্দা পুলিশের এসআই মাহফুজুর রহমান কনককে। এসআই কনকের চাইনিজ রাইফেলের গুলিতে শাওন প্রাণ হারিয়েছেন এমনটা দাবি করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আদালতে দায়ের করা মামলার আবেদনের বাদি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট এ কে এম ওমর ফারুক নয়ন বলেন, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বাদি হয়ে এই মামলার আবেদন করেছিলেন। আদালত ৩০২ ধারায় মামলাটি খারিজ করেছেন।
অপর বিবাদিরা হলেন- ক্রমান্বয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান, জেলা পুলিশ সুপার (এসপি) গোলাম মোস্তফা রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার (ক অঞ্চল) নাজমুল হাসান, সদর মডেল থানার উপপরিদর্শক কামরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) তারিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আমীর খসরু, পুলিশের কনস্টেবল শাহরুল আলম, সোহাগ, আরিফ দেওয়ান, ফেরদৌস দেওয়ান, সেলিম, রিপন, যুগল, মামুন, রিয়াজ, হাফিজ, সহকারী উপপরিদর্শক ইকবাল হোসেন, দেলোয়ার হোসেন, পুলিশের কনস্টেবল জাকির হোসেন, নাঈম, রাকিব, আনিস, সাইদুল, এএসআই সোহরাব, পুলিশ সদস্য ইনজামামুল, রাসেল, খলিলুর রহমান, মোহসিন, মোস্তাকিম, শাহাদাৎ, ফখরুল, আরিফ দেওয়ান, দীপক সাহা, শাহীন, ফরিদ উদ্দিন, মুরাদুজ্জামান, শাহীন, কবির হোসেন, মান্নান, রুবেল, সোহাগসহ অজ্ঞাত ১৫০ জন।
মামলার বাদি রুহুল কবির রিজভী বলেন, সভা-সমাবেশ করা আমাদের গণতান্ত্রিক ও সাংবিধানিক অধিকার। নারায়ণগঞ্জে আমাদের শান্তিপূর্ণ মিছিলে পুলিশ বিনা উসকানিতে গুলি করে শাওনকে হত্যা করেছে। সে আমাদের যুবদলের একজন সক্রিয় কর্মী। গণমাধ্যমে ছবি বেরিয়েছে ডিবির এসআই মাহফুজুর রহমান কনক চাইনিজ রাইফেল দিয়ে গুলি করেছে। সেই গুলিতেই শাওন নিহত হয়েছে। আমাদের ওপর যে হামলা হলো গুলি হলো সে ঘটনায় আমরা আদালতে মামলার আবেদন করে বিচার চেয়েছি বিজ্ঞ আদালতের কাছে।
বিএনপির আইনজীবী অ্যাডভোকেট মাসুদ উদ্দিন তালুকদার জানান, নারায়ণগঞ্জের পুলিশের হামলায় পুলিশের গুলিতে শাওন সেখানে মারা যায়। এ ঘটনায় আমরা আদালতকে জানিয়ে গুলির ঘটনায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশে উপপরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান কনকসহ ৪২ জনের নামে মামলা করেছি। আদালতকে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়ার জন্য আমরা অনুরোধ করেছি।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, মামলার আর্জি গ্রহণ করা হয়েছে। আদালত তাক্ষণিক কোনো আদেশ দেননি। তবে বিকেলে শুনানির পর তা খারিজ করে দেন।