টাঙ্গাইলের গোপালপুরে একটি রাইস মিলের বয়লারের ছাদ ধসে তিনজন শ্রমিক নিহত ও চারজন আহত হয়েছেন। রোববার রাত ১০টার দিকে গোপালপুর পৌর এলাকার ডুবাইলে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়নের ভবদার গ্রামের বাচ্চু মিয়ার ছেলে মোহাম্মদ আরিফ মিয়া (২৮), কুড়িগ্রামের গোরুহাড়া গ্রামের করিম মোল্লার ছেলে নুরুল ইসলাম (৩৫) ও নুর মোহাম্মদের ছেলে নাঈমুল ইসলাম (৩২)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, একতা এগ্রো ফুড প্রোডাক্টস লিমিটেডের স্বয়ংক্রিয় রাইস মিলের চালভর্তি বয়লারটি হঠাৎ করে অন্তত ১৫ ফুট ওপর থেকে নিচে পড়ে যায়। এ সময় বয়লারের নিচে শ্রমিকরা কাজ করছিলেন। বয়লার পড়ার বিকট শব্দ শুনে স্থানীয়রা গিয়ে চাপা পড়া শ্রমিকদের উদ্ধার করার চেষ্টা করেন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধারকাজে অংশ নেন।
গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন জানান, রোববার রাত ১০টার দিকে একতা রাইস মিলে কিছু শ্রমিক ধান সিদ্ধ করছিলেন। এ সময় হঠাৎ এক হাজার মণ ধারণ ক্ষমতাসম্পন্ন বয়লারটি শ্রমিকদের ওপর ভেঙে পড়ে। স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা এসে উদ্ধারকাজে অংশ নেন। সেখান থেকে তিনজনের লাশ উদ্ধার করা হয়। সোমবার ময়নাতদন্তের জন্য লাশগুলো টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ বিষয়ে গোপালপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। জেলা প্রশাসকের পক্ষ থেকে নিহতদের পরিবারকে ২০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেয়া হয়েছে। এ ছাড়া মিল মালিকের পক্ষ থেকে নিহত প্রত্যেকের পরিবারকে দুই লাখ টাকা করে ক্ষতিপূরণ দেয়া হয়।