কুমিল্লার সদর দক্ষিণ ও লাকসামে ট্রেনে কাটা পড়ে গত দুই দিনে তিনজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজনের পরিচয় মিলেছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ট্রেন সোমবার বিকেলে লাকসাম জংশন স্টেশনে প্রবেশের সময় অজ্ঞাতনামা ব্যক্তি (৫৩) রেল লাইন পারাপারের সময় ট্রেনের ইঞ্জিনের চাকার সাথে আটকে যায়। ট্রেন থামলে লাকসাম জংশনের রেলওয়ের স্যানেটারি কার্যালয়ের সামনে তার ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। ওই ব্যক্তি রেলওয়ে জংশনের নিরাপত্তা বাহিনীর কার্যালয়ের সামনে দিয়ে রেললাইন পার হতে গিয়ে এ দুর্ঘটনার শিকার হয়। এদিকে রোববার রাতে ট্রেনে কাটা পড়ে লাকসামের আজগরা ইউনিয়নের কোমড্ডা গ্রামে অজ্ঞাতনামা এক যুবক (৩০) নিহত হন। লাকসাম রেলওয়ে থানা পুলিশ রাতেই লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
এ ছাড়া রোববার সন্ধ্যায় লাকসাম-ঢাকা রেললাইনের কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় ট্রেনে কাটা পড়ে মো: শহীদ মিজি (৬২) নামে এক বৃদ্ধ নিহত হন। ওই বৃদ্ধ চাঁদপুর সদর উপজেলার ধনপর্দ্দি এলাকার মৃত রমজান আলী মিজির ছেলে। সোমবার তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করে রেলওয়ে পুলিশ। লাকসাম রেলওয়ে থানার উপপরিদর্শক শহীদের রহমান ও উপপরিদর্শক সুনীল চন্দ্র সূত্রধর জানান, তিনজনের মধ্যে দুজনের নাম পরিচয় পাওয়া যায়নি। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
নগরকান্দায় ইজিবাইকে ট্রেনের ধাক্কায় মা ও শিশু নিহত
ফরিদপুর সংবাদদাতা জানান, ফরিদপুরের নগরকান্দায় ট্রেনের ধাক্কায় মা ছেলে নিহত হয়েছে। গতকাল সোমবার দুপুরে উপজেলার ডাঙ্গী ইউনিয়নের শ্রীরামদিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন লিমা আক্তার (২৫) ও তার ছেলে ইমরান (৫)। লিমা আক্তার পাশের ভাঙ্গা উপজেলার কাপুরা সদরদি গ্রামে ইকবাল মুন্সির স্ত্রী বলে জানা গেছে।
জানা যায়, লিমা আক্তার তার ছেলে ইমরানকে সাথে নিয়ে ভবুকদিয়া বাসস্ট্যান্ড থেকে ইজিবাইকে চড়ে বাবার বাড়ি নগরকান্দা উপজেলার শ্রীরামদিয়া গ্রামে যাচ্ছিলেন। ইজিবাইকটি শ্রীরামদিয়া রেল ক্রসিং পার হচ্ছিল। এ সময় ভাঙ্গা থেকে রাজশাহীর উদ্দেশে ছেড়ে আসা মধুমতি এক্সপ্রেস ট্রেনটি ইজিবাইকটিকে চাপা দেয়। এ সময় ট্রেনের সাথে ইজিবাইকটি আটকিয়ে যাওয়ায় প্রায় দুই কিলোমিটার পর্যন্ত টেনে নিয়ে যায়। ঘটনাস্থলে মা ও ছেলে দুইজনই নিহত হন। এসময় ইজি বাইকের চালক ট্রেন আসছে দেখে লাফিয়ে পালিয়ে যায়।
নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ইমাম রাজী টুলু ঘটনা স্থান পরিদর্শন করেছেন।
নগরকান্দা থানা অফিসার ইনচার্জ হাবিল হোসেন বলেন, খবর পেয়ে নগরকান্দা থানা পুলিশ ও রেলওয়ে পুলিশ উপস্থিত হয়ে পৃথক স্থান থেকে লাশ উদ্ধার করেছে। ট্রেনের ধাক্কায় দুইজনের লাশ দুই স্থানে পড়েছিল।