নড়াইলে এসএসসি পরীক্ষার প্রথম দিনে তিনটি কেন্দ্রে বাংলা দ্বিতীয় পত্রের বহুনির্বাচনী পত্র (এমসিকিউ) প্রশ্ন সরবরাহ করায় যশোর বোর্ডের অধীনে আজ শনিবারের অনুষ্ঠেয় বাংলা দ্বিতীয় পত্রের এমসিকিউ পরীক্ষা স্থগিত করেছে যশোর শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ। তবে সৃজনশীল বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোরের চেয়ারম্যান প্রফেসর ডক্টর মো: আহসান হাবীব স্বাক্ষরিত নোটিশে শুক্রবার বিকেলে এ তথ্য জানানো হয়েছে। পরবর্তীতে বাংলা দ্বিতীয় পত্রের এমসিকিউ পরীক্ষার তারিখ জানানো হবে বলে জানিয়েছেন বোর্ড চেয়ারম্যান।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এসএসসি পরীক্ষার প্রথমদিনে নড়াইলের তিনটি কেন্দ্রে বাংলা প্রথম পত্রের পরিবর্তে দ্বিতীয় পত্রের এমসিকিউ প্রশ্ন সরবরাহ করা হয়। নড়াইলের কালিয়া প্যারী শংকর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও বাঐসোনা কামশিয়া মাধ্যমিক বিদ্যালয় এবং লোহাগড়া উপজেলার দিঘলিয়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
এর মধ্যে কালিয়া প্যারী শংকর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ১০০ পরীক্ষার্থীর মধ্যে বাংলা প্রথম পত্রের পরিবর্তে দ্বিতীয় পত্রের প্রশ্ন সরবরাহ করার পর বিষয়টি পরীক্ষার্থী ও কক্ষ পরিদর্শকদের নজরে আসে। এ ছাড়া বাঐসোনা কামশিয়া মাধ্যমিক বিদ্যালয়ে ১৫টি প্রশ্ন সরবরাহের পর বিষয়টি নজরে আসলে কেন্দ্র সংশ্লিষ্টরা প্রশ্ন দেয়া বন্ধ করে দেন।
এদিকে, লোহাগড়া উপজেলার দিঘলিয়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে প্রশ্ন সরবরাহের আগেই বিষয়টি নজরে আসে বলে সংশ্লিষ্টদের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
ভুলটি কেন্দ্র সংশ্লিষ্টদের নয়, বিজি প্রেস থেকে সরবরাহকৃত প্রশ্নের প্যাকেটের উপরে প্রথম পত্র লেখা থাকলেও ভেতরে দ্বিতীয় পত্রের প্রশ্ন পাওয়া যায় বলে জানিয়েছেন প্রশাসনসহ কেন্দ্র সংশ্লিষ্টরা।
এ ব্যাপারে বাঐসোনা কামশিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমলেন্দু হিরা জানান, ১৫টি প্রশ্ন সরবরাহের পর বিষয়টি নজরে আসলে কেন্দ্র সংশ্লিষ্টরা প্রশ্ন দেয়া বন্ধ করে দেন। পরে তা গুছিয়ে নেয়া হয়।
দিঘলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের কেন্দ্র সচিব সুভাষ চন্দ্র কুন্ডু বলেন, আমাদের এখানে সরবরাহকৃত একটি প্যাকেটে প্রথম পত্রের পরিবর্তে দ্বিতীয় পত্রের এমসিকিউ প্রশ্ন ছিল। এ প্যাকেটে ১০০ প্রশ্ন ছিল। পরীক্ষার্থীদের হাতে দেয়ার আগেই বিষয়টি আমাদের নজের আসে।
কালিয়া প্যারী শংকর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৃপ্তি রানী বৈরাগী বলেন, এ কেন্দ্রে ৩৩০ পরীক্ষার্থীর মধ্যে ৩২৬ জন পরীক্ষা দিচ্ছে। এর মধ্যে ১০০ জন পরীক্ষার্থীর হাতে দ্বিতীয় পত্রের এমসিকিউ প্রশ্ন বিতরণ করা হলেও তাৎক্ষণিক সবার কাছ থেকে তা গুছিয়ে নেয়া হয়েছে। দু’টি প্রশ্ন উদ্ধার করা সম্ভব হয়নি, এমন গুঞ্জনের বিষয়ে প্রধান শিক্ষক বলেন, প্যাকেটে ১০০ প্রশ্নের পরিবর্তে অনেক সময় দুই একটি প্রশ্ন কম থাকতে পারে।
কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুল ইসলাম বলেন, কালিয়ায় সরবরাহকৃত প্যাকেটের উপরে বাংলা প্রথম পত্র লেখা থাকলেও ভেতরে দ্বিতীয় পত্রের এমসিকিউ প্রশ্ন পাওয়া গেছে। কক্ষ পরিদর্শকরা এ প্রশ্ন বিতরণ করলেও তাৎক্ষণিকভাবে সবার কাছ থেকে তা গুছিয়ে নেয়া হয়েছে। বিষয়টি নজরে আসার পর যশোর বোর্ড কর্তৃপক্ষের অধীনে সব কেন্দ্রে শনিবার অনুষ্ঠেয় বাংলা দ্বিতীয় পত্রের এমসিকিউ পরীক্ষা স্থগিত করেছে।
যশোর বোর্ডে বাংলা দ্বিতীয়পত্রের এমসিকিউ পরীক্ষা স্থগিত
নড়াইলে এসএসসি পরীক্ষার প্রথম দিনে তিনটি কেন্দ্রে বাংলা দ্বিতীয় পত্রের বহুনির্বাচনী পত্র (এমসিকিউ) প্রশ্ন সরবরাহ করায় যশোর বোর্ডের অধীনে আজ শনিবারের অনুষ্ঠেয় বাংলা দ্বিতীয় পত্রের...



