গাজীপুর মেট্রোপলিটন পুলিশের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে গ্যাস বেলুন বিস্ফোরণে পাঁচজন আহত হওয়ার ঘটনায় শনিবার চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে ঘটনা তদন্ত করে প্রতিবেদন দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে। এ দিকে বিস্ফোরণে দগ্ধ জনপ্রিয় কৌতুক অভিনেতা আবু হেনা রনি (৩০) ও জিএমপি পুলিশের কনস্টেবল জিল্লুর রহমানের (৩২) অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা পুলিশ লাইন্সে গত শুক্রবার নাগরিক সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে গ্যাস বেলুন বিস্ফোরণে পাঁচজন আহত হন। আহতদের মধ্যে কলকাতার কমেডি শো মিরাক্কেল অভিনেতা আবু হেনা রনি ও জিএমপি পুলিশের কনস্টেবল জিল্লুর রহমানকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। এ ঘটনায় গতকাল শনিবার জিএমপি উত্তরের উপ-কমিশনার (অপরাধ) আবু তোরাব মোহাম্মদ শামসুর রহমানকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির অপর সদস্যরা হলেন, জিএমপির এডিসি (উত্তর) রেজোয়ান আহমেদ, এসি (প্রসিকিউশন) ফাহিম আশজাদ ও মেট্রো সদর থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম। কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে।
এ দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা: এস এম আইউব হোসেন জানান, অভিনেতা আবু হেনা রনি আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তার শ্বাসনালী ও একটি কান পুড়ে গেছে। এতে তিনি এখনো শঙ্কামুক্ত নন। তার শরীরের ২৫ শতাংশ পুড়ে গেছে। তবে এখনই কিছু বলা সম্ভব নয় বলেও ডা: আইউব মন্তব্য করেন। আবু হেনা রনির সাথে দগ্ধ কনস্টেবল জিল্লুর রহমানকেও আইসিইউতে রাখা হয়েছে। তার শরীরের ১৯ শতাংশ দগ্ধ হয়েছে, তারও শ্বাসনালী পুড়ে গেছে বলে জানান এই চিকিৎসক।
বিস্ফোরণে দগ্ধ ভারতের জনপ্রিয় টিভি চ্যানেল জি বাংলার মিরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার্স বিজয়ী আবু হেনা রনি একাধারে স্ট্যান্ড-আপ কমেডিয়ান, অভিনেতা, উপস্থাপক ও মডেল। তিনি ২০১১ সালে ভারতীয় টিভি চ্যানেল জি বাংলার মিরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার্স ৬-এ বিজয়ী হন।
শুক্রবার গাজীপুর জেলা পুলিশ লাইন্সে আয়োজিত ওই অনুষ্ঠানের প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি, প্রধান বক্তা বাংলাদেশ পুলিশপ্রধান ড. বেনজীর আহমেদসহ অন্যান্য অতিথি উদ্বোধনী মঞ্চ ত্যাগ করার কিছুক্ষণ পরই এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী উদ্বোধন অনুষ্ঠানে ওই বেলুনগুচ্ছ কয়েকবার ওড়াতে চাইলেও তিনি ব্যর্থ হন। পরে উদ্বোধনের দ্বিতীয় উপকরণ হিসেবে পায়রা উড়িয়ে জিএমপির চতুর্থ বর্ষপূর্তির অনুষ্ঠান উদ্বোধন করে স্বরাষ্ট্রমন্ত্রীসহ অন্যান্য অতিথি মূল মঞ্চে আসন গ্রহণ করেন। পরক্ষণেই ওই বেলুনগুচ্ছ বিকট শব্দে বিস্ফোরিত হয়। এ ঘটনায় সেখানে উপস্থিত কৌতুক অভিনেতা রনিসহ জেলা পুলিশ লাইনসের একজন, জিএমপি গাছা থানার দুইজন ও টঙ্গী পূর্ব থানার একজন কনস্টেবল আহত হন।
জিএমপি গোয়েন্দা বিভাগের সহকারী কমিশনার (মিডিয়া) আবু সায়েম নয়ন জানান, শনিবার সকালে অভিনেতা আবু হেনা রনিসহ আহত অন্যদের দেখতে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে যান গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলাম।
আবু হেনা ও জিল্লুরের অবস্থা আশঙ্কাজনক
গাজীপুরে বিস্ফোরণের ঘটনায় ৪ সদস্যের তদন্ত কমিটি
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে গ্যাস বেলুন বিস্ফোরণে পাঁচজন আহত হওয়ার ঘটনায় শনিবার চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে...



