আগামী নির্বাচন নিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি প্রতিদিনই তত্ত্বাবধায়ক সরকার, নিরপেক্ষ নির্বাচনের দিবাস্বপ্ন দেখছেন। তাদের সেই স্বপ্ন পূরণ হবে না। নির্বাচন নিরপেক্ষ হবেই। নির্বাচনে না এসে তাদের সামনে কোনো বিকল্প পথ খোলা নেই। গোপালগঞ্জে কাশিয়ানী উপজেলার মধুমতি নদীর ওপর কালনা সেতু নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এ সময় মিয়ানমারের গোলা বর্ষণ নিয়ে বাংলাদেশ সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানান মন্ত্রী। গতকাল বৃহস্পতিবার সকালে সড়ক পথে গোপালগঞ্জের কাশিয়ানীর উপজেলার মধুমতি নদীর ওপর নির্মিত কালনা সেতুর পরিদর্শনে আসেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পরে তিনি নড়াইলের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজাকে সাথে নিয়ে কালনা সেতুর কাজের অগ্রগতি পরিদর্শন করেন। এ সময় সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বিএনপি প্রতিদিনই মিথ্যাচার করছে। প্রতিদিনই তত্ত্বাবধায়ক সরকার, নিরপেক্ষ নির্বাচনের দিবাস্বপ্ন দেখছেন। তত্ত্বাবধায় সরকার আদালত ফয়সালা করবে, উচ্চ আদালতের সিদ্ধান্তে মিউজিয়ামে চলে গেছে।
মিয়ানমারের গোলা বর্ষণ নিয়ে মন্ত্রী বলেন, বাংলাদেশ অত্যন্ত সতর্ক অবস্থানে রয়েছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। এ ব্যাপারে যাদের সেখানে দায়িত্ব দেয়া দরকার সেখানে তাদের দায়িত্ব দেয়া হয়েছে। বাংলাদেশ যুদ্ধ চায় না, শান্তি চায়।