বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোনো নির্বাচন হতে দেয়া হবে না। প্রয়োজনে বিএনপির নেতাকর্মীরা জীবন দেবে। খাবার কিনতে হিমশিম খাচ্ছে দেশের ৬৮ ভাগ মানুষ। নিত্যপণ্যের ঊর্ধ্বগতির কারণে, দেশের প্রতি তিনজন মানুষের দু’জনই খাবার কিনতে হিমশিম খাচ্ছেন। অনেকেই সঞ্চয় ভাঙছেন। কেউ কেউ আবার ঋণও করছেন। আর গণভবনের পুকুর থেকে চিতল মাছ ধরে প্রধানমন্ত্রী ছবি ভাইরাল করছেন।
গতকাল সোমবার সকালে দ্রব্য মূল্যবৃদ্ধি ও দেশব্যাপী বিএনপির সমাবেশে বাধা প্রদানের প্রতিবাদে নাটোর শহরের আলাইপুরে ওয়াপদা মাঠে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চুর সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন- সাবেক মন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুর সহধর্মিণী সাবিনা ইয়াসমিন ছবি, জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ, সাবেক পৌর মেয়র শেখ এমদাদুল হক আল মামুন, কাজী শাহ আলম প্রমুখ।
রিজভী বলেন, বিশ্বের কোনো প্রধানমন্ত্রী এভাবে ভয় দেখায় না যেভাবে দুর্ভিক্ষের ভয় দেখাছে এই সরকার। তাদের উন্নয়নের সামনে রয়েছে পর্দা। যেটা সরালে দেখা যায় লাখ লাখ কোটি টাকার দুর্নীতি। তিনি বলেন, এত উন্নয়ন করলেন তো মানুষের হাতে টাকা কোথায়?
জনসভায় প্রধান বক্তার বক্তৃতায় বিএনপির সাংগঠনিক স¤পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুর স্ত্রী ও জেলা বিএনপির নেতা সাবিনা ইয়াছমিন ছবি বলেন, দেশের মানুষ নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ভোট দিতে চায়। প্রয়োজনে জীবন দিয়ে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করে নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা করা হবে।
সোমবার সকাল থেকেই বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন স্থান থেকে বিভিন্ন হালকা যানবাহন ও হেঁটে সভাস্থলে এসে হাজির হন। অনেকেই মিছিল নিয়ে সভাস্থলে আসেন। জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় বিএনপি অর্ধশতাধিক কর্মী আহত হয়েছে বলে দাবি করেন। তাদের মধ্যে বেশ কয়েকজনকে নাটোরে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বিএনপি নেতামিলন কে রাজশাহী মেডিক্যালে নেয়া হয়েছে।
জানা গেছে, বেলা ১১টায় শহরের আলাইপুর মুসলিম ইনস্টিটিউটের সামনে, এন এস সরকারি কলেজ মাঠ, পটিআই মোড়ে, হরিশপুরে আওয়ামী লীগ কর্মীরা বিভিন্ন উপজেলা থেকে সমাবেশে আগত বিএনপি কর্মীদের পথরোধ করে মারধর করে। নাটোর জেলা বিএনপি কর্তৃক আয়োজিত বিক্ষোভ সমাবেশে যাওয়ার পথে আওয়ামী যুবলীগ ছাত্রলীগের হামলায় গুরুদাসপুর পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ স¤পাদক মিলন মাহমুদ, বিএনপি নেতা লুৎফর রহমান, রফিক সরদার, গুরুদাসপুর পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো: আসলাম, পৌর ছাত্রদল নেতা তাহসিন রহমান মিহাল ও রিজভী আহমেদ রাকিবসহ অনেকে আহত হয়। আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছে।
এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ স¤পাদক সৈয়দ মোর্ত্তোজা আলী বাবলু বলেন, বিএনপি নিজেরাই নিজেদের ওপর হামলা চালিয়ে আওয়ামী লীগকে দোষারোপ করছে। বিএনপির সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করতে আওয়ামী লীগ রাজপথে অবস্থান নিয়েছে। কিন্তু কারো ওপর হামলা করেনি।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিম আহমেদ বলেন, যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে শহরে।



