প্রকৃতিতে এখন বাংলা সনের অগ্রহায়ণ মাস। এ মাসে হিমালয়ের পাদদেশে অবস্থিত দেশের উত্তরের জেলা পঞ্চগড়ে বেশ শীত অনুভূত হচ্ছে। এ জেলার তাপমাত্রা দিন দিন কমতে শুরু করেছে। বিগত তিন দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে এ জেলায়, যা আজো কমে ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমে গেছে।
গতকাল বৃহস্পতিবার সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক রোকনুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, গতকাল বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় রেকর্ড করা হয় ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, যা গতকাল ছিল ১৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। বিগত কয়েক দিন ধরে তাপমাত্রা কমতে শুরু করেছে। তবে সামনের দিনগুলোতে তাপমাত্রা আরো কমতে পারে। এ দিকে আবহাওয়ার পরিবর্তনের ফলে সকালে ঘন কুয়াশায় ছেয়ে যায়। সূর্য উঠার সাথে সাথেই রোদের দেখা মিললেও বিকেলে থেকে শুরু হয় উত্তরের হিমেল বাতাসের সাথে কুয়াশা। কুয়াশার মাত্রা কম হলেও হিমেল হাওয়ায় সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত চলে তীব্র ঠাণ্ডা। ভোর থেকে সকাল ৮টা পর্যন্ত কুয়াশা ঘিরে রাখে কয়েক ঘণ্টা।



