মালদ্বীপের নির্বাচন কমিশন রাষ্ট্রপতি নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে। গত রোববার ম্যানহাটন বিজনেস হোটেলে সংবাদ সম্মেলনে মালদ্বীপের নির্বাচন কমিশনের তরফ থেকে বলা হয়েছে আগামী ৯ সেপ্টেম্বর ২০২৩-এ মালদ্বীপের রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ করা হবে।
সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনের প্রেসিডেন্ট ফুয়াদ তৌফিক বলেন, ৯ সেপ্টেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের পর দ্বিতীয় দফায় ভোটের প্রয়োজন হলে ফের ৩০ সেপ্টেম্বর ভোট অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে রাজধানী মালেতে ১৪৬টি, হুলহুমালেতে ৪৭টি, ভিলিমালে ১০টি, অ্যাটলে ২৩৭টি এবং দেশের বাইরে ১২টি ব্যালট বক্স স্থাপন করা হবে। তিনি আরো বলেন, এবারের নির্বাচনে ভোটারসংখ্যা দুই লাখ ৮০ হাজার, যা গত ২০১৮ সালের নির্বাচনের চেয়ে ২১ হাজার জন বেশি। আগামী ২ মে ভোটার তালিকা প্রকাশ করা হবে।


প্রসঙ্গত, চলতি বছরে প্রেসিডেন্ট নির্বাচনে এখন পর্যন্ত চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন মালদ্বীপের নির্বাচন কমিশন। তাদের মধ্যে, বর্তমান প্রেসিডেন্ট ইবরাহিম মোহাম্মদ সোলিহ, সংসদের স্পিকার মোহাম্মদ নাশিদ, মালদ্বীপ ন্যাশনাল পার্টির (এমএনপি) চেয়ারপারসন মোহাম্মদ নাজিম এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী উমর নাসির। এ ছাড়াও, অঘোষিত অন্য দলগুলোর মধ্যে, জুমহুরি পার্টি (জেপি), এবং মালদ্বীপ ডেভেলপমেন্ট অ্যালায়েন্স (এমডিএ) ও বর্তমান সংসদের বিরোধী দল পিপিএম ও পিএনসি জোট তাদের নেতা সাবেক প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিন আবদুল গাইয়ুমকে দলীয় প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে নাম ঘোষণা করে বলেছেন যে তারা আগামী নির্বাচনে প্রার্থী দেবে।
প্রেসিডেন্ট প্রার্থীরা আগামী ২৩ জুলাই থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত তাদের মনোনয়ন জমা দিতে পারবেন। ১০ আগস্ট থেকে আনুষ্ঠানিকভাবে প্রার্থীরা প্রচারণা চালানোর সুযোগ পাবেন এবং ৮ সেপ্টেম্বর প্রচারাভিযান বন্ধ হবে।
উল্লেখ্য, ফৌজদারি আদালত গত বছরের ২৫ ডিসেম্বর ইয়ামিনকে অর্থপাচার ও ঘুষ গ্রহণের অপরাধে ১১ বছরের কারাদণ্ড দেয়। উচ্চ আদালতে সাজা বাতিল হওয়ায় আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন কি না এখনো ধোঁয়াশার মধ্যে আছেন।