কক্সবাজারের চকরিয়া উপজেলার বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের সিংহ ভাই-বোন রাসেল (১৬) ও টুম্পা (১৫) হয়ে পড়েছে।
পার্ক কর্তৃপক্ষ জানায়, অসুস্থ সিংহ রাসেল ২০০৭ সালের ১৫ অক্টোবর এবং সিংহী টুম্পা ২০০৮ সালের ২০ নভেম্বর সাফারি পার্কে জন্মগ্রহণ করে। বর্তমানে সিংহ রাসেল ১৬ বছর এবং সিংহী টুম্পা ১৫ বছর বয়স অতিক্রম করছে। সিংহরা মূলত ১৬ থেকে ২০ বছর পর্যন্ত বেঁচে থাকে। বর্তমানে রাসেলের বয়স ১৬ ও টুম্পার বয়স ১৫ অতিক্রম হচ্ছে। বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক কক্সবাজারের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার মাজহারুল ইসলাম বলেন, বর্তমানে পার্কে ৫টি সিংহ রয়েছে। তাদের মধ্যে ২টি সিংহ ও ৩টি সিংহী। গত ১৪ ডিসেম্বর থেকে সিংহ রাসেল ও সিংহী টুম্পা খাবার গ্রহণ বন্ধ করে দেয়। বাত, ব্যথা ও শরীরের বিভিন্ন স্থান অবস হয়ে যাচ্ছে, দাঁতে ক্ষয়, ঘন ঘন প্রস্রাব শুরু করে।
এরপর থেকে দুই ভাই-বোনকে বেষ্টনীতে রেখে চিকিৎসা দিয়ে আসছিলেন সাফারি পার্কের ভেটেরিনারি সার্জন ডা: হাতেম সাজ্জাত মো: জুলকার নাইন। মাঝখানে তারা কিছুটা সুস্থ হলেও পরে আবারও অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের অধিকতর চিকিৎসার জন্য গত ৭ জানুয়ারি বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা রফিকুল ইসলাম চৌধুরীর কাছে চিঠি পাঠানো হয়।
এই চিঠির পরিপ্রেক্ষিতে গত ১৪ জানুয়ারি বিভাগীয় বন কর্মকর্তা রফিকুল ইসলাম চৌধুরী সিংহ রাসেল ও সিংহী টুম্পার চিকিৎসার জন্য পাঁচ সদস্য বিশিষ্ট একটি মেডিক্যাল টিম গঠন করেন। এই মেডিক্যাল টিমের প্রধান করা হয়েছে চট্টগ্রাম ভেটেরিনারী ও অ্যানিমেল সায়েসেন্স বিশ্ববিদ্যালয়ের মেডিসিন ও সার্জারি বিশেষজ্ঞ ড. বিবেক চন্দ্র সূত্রধর। কমিটির চার সদস্য হলেন, একই বিশ্ববিদ্যালয়ের ড. ভজন চন্দ্র দাস, প্রাণী সম্পদ অধিদফতরের (অব:) পরিচালক ডা: মো: ফরহাদ হোসেন, চকরিয়া উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ও সাফারি পার্কের ভেটেরিনারী চিকিৎসক ডা: হাতেম সাজ্জাদ মো: জুলকার নাইন। পরবর্তীতে গত রোববার মেডিক্যাল টিমের প্রধানসহ পাঁচ সদস্যের টিম কক্সবাজার বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে এসে রাসেল ও টুম্পার পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসা কার্যক্রম শুরু করেন।
মেডিক্যাল টিমের বরাত দিয়ে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের চট্টগ্রামের বিভাগীয় বন কর্মকর্তা রফিকুল ইসলাম চৌধুরী বলেন, রাসেল ও টুম্পার জন্য পাঁচ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। মেডিক্যাল টিমের পরামর্শে চিকিৎসা চলছে। চিকিৎসকদের ভাষ্যমতে মানুষ আর প্রাণীর রোগ অনেকটা একই ধরনের। মানুষের স্বাভাবিক যে রোগগুলো হয়, প্রাণীদের ক্ষেত্রেও একই রকম হতে পারে।
তিনি আরো বলেন, চিকিৎসকদের মতে সিংহ রাসেল ও সিংহী টুম্পা গ্যাস্ট্রলজিক্যাল সমস্যায় ভুগছে। সে জন্য তারা খাবার খেতে চাচ্ছে না। আশা করি শিগগিরই সুস্থ হয়ে উঠবে।



