জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম বলেছেন, বর্তমান জালেম সরকার দীর্ঘ দিন ধরে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে জামায়াতে ইসলামীসহ বিরোধী মতের রাজনৈতিক নেতাকর্মীদের গ্রেফতার করে অত্যাচার-নির্যাতন চালাচ্ছে। সরকার জনগণের বাকস্বাধীনতা ও মৌলিক অধিকার হরণ করেছে। দেশকে আজ পুলিশি রাষ্ট্রে পরিণত করা হয়েছে। রাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের ওপর অর্পিত দায়িত্ব পালনের পরিবর্তে সরকারের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে। ভিন্ন মতের মানুষকে অপরাধী হিসেবে চিহ্নিত করে তাদের ওপর জুলুম-নিপীড়নের পরিণতি কখনো শুভ হয় না।
গতকাল এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। এটিএম মা’ছুম বলেন, ২২ ফেব্রুয়ারি রাতে বাড়িতে বাড়িতে অভিযান চালিয়ে খুলনা জেলা জামায়াতের সেক্রেটারি মুন্সী মিজানুর রহমানসহ তিনজন এবং খুলনা মহানগরী থেকে ছয়জন নেতাকর্মীসহ মোট ৯ নেতাকর্মীকে পুলিশ অন্যায়ভাবে গ্রেফতার করে। আমি এই অন্যায় গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। বিবৃতিতে তিনি আরো বলেন, আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, জামায়াতে ইসলামী একটি নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক রাজনৈতিক দল। দেশের সংবিধান প্রত্যেক রাজনৈতিক দলকেই তাদের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করার অধিকার দিয়েছে। এ অধিকার থেকে বঞ্চিত করার এখতিয়ার কারো নেই। অতীতে রাজনৈতিক নেতৃবৃন্দকে গ্রেফতার করে জনগণের ন্যায়সঙ্গত অধিকার আদায়ের কোনো আন্দোলনকে দমন করা যায়নি। এখনো যাবে না ইনশাআল্লাহ।
গণতন্ত্র হরণকারী জালেম সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি জুলুম-নিপীড়ন বন্ধ করে জামায়াতে ইসলামীর গ্রেফতারকৃত সব নেতাকর্মীকে অবিলম্বে মুক্তি দেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।



