ময়মনসিংহের ভালুকায় পূর্বঘোষিত নির্ধারিত সময়ে বকেয়া বেতন না পেয়ে আবারো মহাসড়ক অবরোধ করে অ্যাডভান্স টেক্সটাইল অ্যান্ড কম্পোজিট লিমিটেড নামের কারখানার শ্রমিকরা। গতকাল বৃহস্পতিবার বিকেলে তারা উপজেলার মাস্টারবাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নেমে প্রায় আড়াই ঘণ্টা অবরোধ করে রাখেন। পরে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দীর্ঘ সময় শ্রমিকদের সাথে কথা বলেন। কিন্তু শ্রমিরা মহাসড়ক না ছাড়ায় পুলিশ টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।
বিক্ষুব্ধ শ্রমিক ও শিল্প পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের কাশর গ্রামে অবস্থিত অ্যাডভান্স টেক্সটাইল অ্যান্ড কম্পোজিট লিমিটেড নামের ওই কারখানাটিতে এক হাজার ৬৫০ নারী ও পুরুষ শ্রমিক কর্মরত। কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের গত এপ্রিল মাসের বকেয়া বেতন না দিয়ে একের পর এক তারিখ দিয়ে আসছিল। গত মঙ্গলবার শ্রমিকদের এপ্রিল মাসের বকেয়া বেতন দেয়ার কথা ছিল। কিন্তু মিল কর্তৃপক্ষ দুই দিনের সময় চেয়ে গত সোমবার রাতে কারখানা গেটে নোটিশ টাঙিয়ে দেয়। পরে মঙ্গলবার সকালে শ্রমিকরা বেতন নিতে এসে কারখানার গেটে নোটিশ টাঙানো দেখে বিক্ষুব্ধ হয়ে ওঠে। একপর্যায়ে তারা বকেয়া বেতনের দাবিতে উপজেলার মাস্টারবাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নেমে আসে এবং প্রায় আধা ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে। খবর পেয়ে স্থানীয় প্রশাসন, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ১ জুন বৃহস্পতিবার দুপুরের পর শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের আশ^াস দিলে তারা আরোধ তুলে নেয়। এ দিকে গতকাল সকালে শ্রমিরা কারখানার কাজে যোগ দেয় এবং দুপুরের খাবার খেতে কারখানা থেকে বের হয়ে আসে। পরে তারা আবারো কারখানায় প্রবেশ করতে গিয়ে কারখানার গেট বন্ধ থাকতে দেখে। ওই সময় তারা তাদের বকেয়া বেতন না পাওয়ার আশঙ্কায় বিক্ষুব্ধ হয়ে ওঠে এবং একপর্যায়ে তারা আগের দিনের মতো ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নেমে এসে প্রায় দুই ঘণ্টা অবরোধ করে রাখে। এতে মহাসড়কের ওই স্থানের দুই পাশে দীর্ঘ যানজট লেগে যায়। পরে স্থানীয় প্রশাসন, পুলিশ ও জনপ্রতিনিধি ঘটনাস্থলে উপস্থিত হয়ে দীর্ঘ সময় শ্রমিকদের সাথে কথা বলেন এবং কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের জন্য ঢাকা থেকে আনা টাকা প্রদর্শন করে। তাতেও শ্রমিকরা মহাসড়ক ছেড়ে না যাওয়ায় পুলিশ টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।