সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যা মামলায় গ্রেফতার হওয়া ১৩ আসামিকে ভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার উভয় পক্ষের শুনানি জামালপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তানভীর আহমেদ এ আদেশ দেন।
জানা গেছে, মামলার তদন্তকারী কর্মকর্তা সোহেল রানা সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যা মামলায় গ্রেফতার ৯ জন আসামিকে আদালতে সোপর্দ করে দিনের রিমান্ডে নেয়ার আবেদন করেন। আদালত ১৮ জুন রিমান্ড শুনানির জন্য দিন ধার্য করেন।
এ ছাড়াও গতকাল প্রধান আসামি মাহমুদুল আলম বাবু চেয়ারম্যানসহ চারজন আসামিকে আদালতে সোপর্দ করে সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা সোহেল রানা। এ দিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো: ইউসুফ আলী সাংবাদিকদের জানান, ১৩ আসামির মধ্যে প্রধান আসামি বাবু চেয়ারম্যানকে পাঁচ দিন, ছয়জন আসামিকে তিন দিন এবং অপর ছয় আসামিকে চার দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।
চার দিনের রিমান্ড মঞ্জুর হওয়া আসামিরা হলেন, রেজাউল করিম (২৬), মনিরুজ্জামান (৩৫), বকশীগঞ্জ উত্তর বাজার এলাকার মো: আনার আলীর ছেলে মো: গোলাম কিবরিয়া সুমন (৪৩), মালিরচর নয়াপাড়া এলাকার মৃত মোফাজ্জল হোসেনের ছেলে মো: মিলন (২৫), নামাপাড়া এলাকার মৃত জহিরুল হকের ছেলে মো: তোফাজ্জল (৪০) ও একই এলাকার মৃত আজিজুল হকের ছেলে মো: আইনাল হক (৫৫)।
এবং তিন দিনের রিমান্ড মঞ্জুর হওয়া আসামিরা হলেন, জাকিরুল ইসলাম, বালুগ্রাম সাধুরপাড়া এলাকার মৃত বাচ্চু খাজার ছেলে মো: কফিল উদ্দিন (৫৫), দক্ষিণ কুতুবের চর গ্রামের সিরাজের ছেলে মো: ফজলু মিয়া (৩৫) ও মো: শহিদ (৪০), মোল্লাপাড়া মসজিদপাড়া গ্রামের মৃত হাকিমের ছেলে মো: মকবুল (৩৫) ও সর্দারপাড়া মেরুরচর গ্রামের মো: আ: করিমের ছেলে মো: ওহিদুজ্জামান (৩০)।