প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আগামী নির্বাচনে দলের নির্বাচনী প্রতীক ‘নৌকা’য় ভোট চেয়েছেন। তিনি বলেন, আওয়ামী লীগ দেশের স্বাধীনতা এনেছে, দেশের অর্থনৈতিক মুক্তি, আর্থসামাজিক উন্নয়ন এবং দেশবাসীর খাদ্য, বস্ত্র ও বাসস্থানের ব্যবস্থা করেছে। তাই আগামী সাধারণ নির্বাচনে নৌকায় ভোট দিন। গতকাল শনিবার গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ অফিসে ঈদুল আজহা উপলক্ষে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সাথে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, যারা চায়নি আওয়ামী লীগ কোনো দিন ক্ষমতায় আসুক, এ দেশের মানুষ আবার পেট ভরে ভাত খাক, মাথা গোঁজার ঠাঁই হোক, রোগে চিকিৎসা পাক, শিক্ষা পাক, তাদের প্রতি আমাদের চ্যালেঞ্জ। আমার বাবা যে লক্ষ্য নিয়ে দেশ স্বাধীন করেছেন, সেটা আমি করব। শিক্ষা, স্বাস্থ্যসেবা, মানুষের আর্থসামাজিক উন্নয়ন করা, অবকাঠামোগত উন্নয়ন করা এটাইতো আমাদের লক্ষ্য। সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল পদ্মা সেতু। মিথ্যা অপবাদ দিতে চেয়েছিল। নিজের ভাগ্য তো গড়তে আসিনি। বাংলাদেশের মানুষের ভাগ্য গড়তে এসেছি। তার পরও যে অপবাদ দিয়েছে, তার প্রতিবাদ করে নিজেদের টাকায় পদ্মা সেতু করতে পেরেছি। এটাই হলো সবচেয়ে বড় কথা। সেই শক্তিটা কিন্তু আপনারা জুগিয়েছেন।
কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্র নাথ বিশ্বাসের সভাপতিত্বে নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় ও আলোচনা সভায় প্রধানমন্ত্রী আরো বলেন, বাংলাদেশের ভাবমূর্তি আজকে সারা বিশ্বে উজ্জ্বল করতে পেরেছি। যারা দেখে না চোখে, চোখ থাকতে যারা অন্ধ তাদের বিরুদ্ধে কিছু বলার নেই। তারা দেখে না; কিন্তু ভোগ করে। আমরা ডিজিটাল বাংলাদেশ করেছি, আজকে সবার হাতে মোবাইল ফোন, অনলাইন। সবাই সারা দিন কথা বলে। এতগুলো টেলিভিশন দিয়ে দিয়েছি। সারা দিন কথাবার্তা বলে তারপর যদি বলে কিছুই বলতে পারি না, এদের ব্যাপারে করুণা করা ছাড়া আর কিছুই নাই। কোটালীপাড়াবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শেখ হাসিনা বলেন, আজকে আপনারাই আমার সব দায়িত্ব নিয়েছেন। আমার নির্বাচন আমার সব কিছুই আপনারা দেখেন। আমার টুঙ্গিপাড়া-কোটালীপাড়ার মানুষগুলোই তো আমার সবচেয়ে বড় শক্তি। এ সময় আওয়ামী লীগ সভাপতিকে ঈদের শুভেচ্ছা জানিয়ে স্থানীয় নেতারা পদ্মা সেতু নির্মাণের পর গত এক বছরে তারা যে সুবিধা পেয়েছেন সে জন্য অভিনন্দন জানান। এর আগে নেতাকর্মীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় ও আলোচনা সভায় অংশ নিতে দুই দিনের সফরে শনিবার বেলা সাড়ে ১১টায় সড়ক পথে ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে গোপালগঞ্জের কোটালীপাড়া এসে পৌঁছান প্রধানমন্ত্রী। কোটালীপাড়ায় পৌঁছানোর পর নেতাকর্মীরা প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ও বিভিন্ন সেøাগান দেন। প্রধানমন্ত্রী এ সময় হাত নেড়ে নেতাকর্মীদের শুভেচ্ছা জানান। কোটালীপাড়া পৌঁছে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে স্থানীয় সিনিয়র নেতাকর্মীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। পরে সেখানে আয়োজতি মতবিনিময় সভায় অংশ নেন প্রধানমন্ত্রী। পরে সভার শুরুতে দলীয় প্রধানের নির্দেশে কোটালিপাড়ার ১২টি ইউনিয়নের আওয়ামী লীগ নেতা, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক ও নির্বাচিত জনপ্রতিনিধিরা বক্তব্য রাখেন। পরে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে নতুন ভবনের ফলক উন্মোচন করেন। এ ছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় কার্যালয় ভবনের সামনে একটি আম, একটি নিম ও একটি বকুল গাছের চারা রোপণ করেন।
পরে প্রধানমন্ত্রী কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় অংশ নেন। সভা শেষে সেখানে নেতাকর্মীদের সাথে মধ্যাহ্নভোজে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ সময় আওয়ামী লীগের তথ্যবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়, উপদেষ্টামণ্ডলীর সদস্য কাজী আকরাম উদ্দিন আহম্মদ, প্রেসিডিয়াম মেম্বার শাজাহান খান, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক এস এম কামাল, শেখ হেলাল উদ্দিন, শেখ সালাহউদ্দিন জুয়েল, প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকার প্রতিনিধি শহীদ উল্লা খন্দকার, কোটালীপাড়া উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ প্রমুখ।
কোটালীপাড়ার কর্মসূচি শেষ করে দুপুরে টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী। পরে টুঙ্গিপাড়া পৌঁছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে দোয়া ও মুনাজাতে অংশ নেন। আজ রোববার টুঙ্গিপাড়ায় জেলা ও উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী। তিনি বিকেলে ঢাকার উদ্দেশে রওনা দেবেন।
এ দিকে ঘরের মেয়ে শেখ হাসিনার আগমনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে বইছে আনন্দের বন্যা। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে সড়কের মোড়ে মোড়ে টাঙানো হয়েছে নানা ধরনের ব্যানার, ফেস্টুন ও বিল বোর্ড।
কোটালীপাড়ায় মতবিনিময়
নৌকা প্রতীকে ভোট চাইলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আগামী নির্বাচনে দলের নির্বাচনী প্রতীক ‘নৌকা’য় ভোট চেয়েছেন। তিনি বলেন, আওয়ামী লীগ দেশের স্বাধীনতা এনেছে, দেশের অর্থনৈতিক মুক্তি,...



