ঘুম থেকে জাগাতে আওয়াজ বড় করে ডাকায় অন্যের ঘুমে ব্যাঘাত করার দায়ে ৩৮ বছর বয়সের এক নারীকে টেনে-হিঁচড়ে বেধড়ক পিটিয়ে বিবস্ত্র করার ভিড়িও ভাইরাল হয়েছে। এ ঘটনায় উপজেলাজুড়ে তোলপাড় শুরু হয়েছে। কক্সবাজারের চকরিয়া উপজেলার কৈয়ারবিলে এ ঘটনা ঘটে। বিষয়টি প্রশাসনের নজরে আসার পর গতকাল শনিবার থানায় মামলা হয়েছে।
গুরুতর আহত মানসিক ভারসাম্যহীন ওই নারী বর্তমানে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ওই নারী উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ইসলাম নগরের বাসিন্দা।
মামলা সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার ভোরে মানসিক ভারসাম্যহীন ওই নারী কৈয়ারবিল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড ইসলামনগর এলাকায় এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যায়। ওই বাড়ির লোকজন তখনো ঘুমেছিলেন। এ সময় ওই নারী ঘুমন্ত লোকদের ডাকাডাকি করলে পাশের বাড়ির আবুল হোসেন নামের এক ব্যক্তির ঘুম ভেঙে যায়। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে ওই বাড়ির লোকজন ওই নারীকে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে। পরে টেনে হিঁচড়ে বিবস্ত্র করে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে ফেলে দেয়। স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। স্থানীয় এক ব্যক্তির মোবাইল থেকে এ ঘটনার ভিডিও ভাইরাল হলে নির্যাতনের বিষয়টি প্রশাসনের নজরে আসে।
চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ আবদুল জব্বার বলেন, ভিডিও ভাইরালের পর বিষয়টি নজরে আসে। পরে এ ঘটনায় নির্যাতনের শিকার নারীর বড় বোন বাদি হয়ে চারজনের নাম উল্লেখ করে থানায় একটি মামলা দায়ের করেন। আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।



