সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ঘুরতে গিয়ে গ্রেফতার বুয়েটের ২৬ জনসহ ৩২ শিক্ষার্থীর জামিন মঞ্জুর করেছেন আদালত। একইসাথে তাদের প্রত্যেকের কাছ থেকে ৫০০০ টাকা করে মুচলেকা নেয়া হয়। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে জেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ফারহান সাদিক পুলিশের রিমান্ড আবেদন নামঞ্জুর করে ওই ছাত্রদের জামিনের রায় দেন।
এর আগে, সরকারের বিরুদ্ধে ‘গোপন ষড়যন্ত্র ও জননিরাপত্তা বিঘিœত করার অভিযোগে গত রোববার বিকেলে টাঙ্গুয়ার হাওর থেকে ৩৪ জনকে আটক করা হয়। সোমবার বিকেলে তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে পুলিশ বাদি হয়ে তাহিরপুর থানায় একটি মামলা করে। এই মামলায় গ্রেফতার দেখিয়ে বিকেলে তাদের আদালতে হাজির করলে আদালতের বিচারক ৩২ জনকে কারাগারে এবং দু’জন কিশোর হওয়ায় তাদের কিশোর সংশোধনাগারে পাঠানোর আদেশ দেন।

স্থানীয় সূত্র জানায়, তাহিরপুর উপজেলা বাজারের নৌকাঘাট থেকে রোববার সকাল ৭টায় একটি নৌকায় বুয়েটের ৩৪ শিক্ষার্থী টাঙ্গুয়ার হাওরে ঘুরতে যান। হাওরে ঘোরাঘুরির পর দুপুরে পাটলাই নদী দিয়ে টেকেরঘাট পর্যটন এলাকায় যাওয়ার পথে তাহিরপুরের নতুন বাজারের সামনে নৌকাটি পৌঁছায়। এ সময় পুলিশের দু’টি স্পিডবোট পর্যটকবাহী নৌকাটিকে থামিয়ে চালক আহাদুল মিয়া, মুহাদ্দিস মিয়াসহ বুয়েটের ৩৪ শিক্ষার্থীসহ মোট ৩৬ জনকে আটক করে থানায় নিয়ে যায়।
এ সময় তাহিরপুরের নৌকা মালিক সমিতির সভাপতি শাহিনুর তালুকদার জানান, রোববার বিকেলে নৌকার দুইজন চালকসহ বুয়েটের ৩৪ শিক্ষার্থীকে আটক করে থানায় নিয়ে গেছে। কী কারণে তাদের আটক করা হয়েছে, তা জানতে চাইলে কোনো উত্তর দেননি থানার ওসি। তিনি বলেছেন, পরে জানাবেন।
সূত্র জানায়, ঢাকা থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে নাশকতার অভিযোগে তাদের আটক করা হয়েছে।