চট্টগ্রামের সীতাকুণ্ডে পুলিশবাহী একটি পিকআপের সাথে ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সীতাকুণ্ড মডেল থানা পুলিশের তিন সদস্য নিহত ও দু’জন আহত হয়েছেন। গতকাল রোববার দ্পুুর ১২টায় উপজেলার সলিমপুর ফকিরহাট রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
ফৌজদারহাট রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ফারুক হোসেন বলেন, পুলিশবাহী একটি পিকআপ ডিউটিরত অবস্থায় রেললাইন পার হয়ে পূর্বদিকে যাওয়ার সময় চট্টগ্রামমুখী সোনার বাংলা এক্সপ্রেসের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলে সীতাকুণ্ড থানা পুলিশ সদস্য মিজানুর রহমান (কং/৯৮১) ঘটনাস্থলেই নিহত হন ও বেশ কয়েকজন গুরুতর আহত হন। আহতদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হয়। চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নরুল আলম আশেক বলেন, আহত পুলিশ সমদস্যদের দুপুরে চমেক হাসপাতালে ভর্র্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় অপর পুলিশসদস্য মোহাম্মদ হোসাইন (কং/২০৯১) ও মো: এসকান্দর আলী (কং/১০০৯) মারা যান এবং এসআই সুজন শর্মা ও ইউপি সদস্য সাহাদাত হোসেন চিকিৎসাধীন আছেন। তবে তাদের অবস্থাও আশঙ্কাজনক।



