বগুড়ার শাজাহানপুর উপজেলার আশিকপুর ইউনিয়নের মাথাইল চাপড় এলাকায় মাসুদুর রহমান পারভেজ (৪০) নামে এক কলেজ প্রভাষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি উপজেলার শাবরুল গ্রামের মনছের রহমান তালুকদারের ছেলে এবং বগুড়া সদরের কৈচর বিএম কলেজের প্রভাষক। শনিবার সকালে এ ঘটনা ঘটে।
এদিকে ছেলের মৃত্যু সংবাদ জানার পর নিহত পারভেজের বাবা মনছের আলী তালুকদার (৬৫) ঘটনাস্থলে গিয়ে লাশ দেখে স্ট্রোক করে তিনিও মৃত্যুবরণ করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয়রা জানান, প্রভাষক পারভেজ সকাল ১০টায় বাড়ি থেকে বের হয়ে বগুড়া শহরের দিকে যাচ্ছিলেন। এ সময় মাথাইল চাপড় এলাকায় পৌঁছলে সেখানে পূর্ব থেকে ওঁৎপেতে থাকা সন্ত্রাসীরা তার উপর অতর্কিত হামলা করে দেশীয় অস্ত্রের আঘাতে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে গিয়ে তাকে সড়কের উপর মৃত অবস্থায় দেখতে পায়। এ সংবাদ চারিদিকে ছড়িয়ে পড়লে নিহতের আত্মীয়স্বজন ও তার বাবা ঘটনাস্থলে আসেন। ছেলের এই করুণ মৃত্যু দেখে বাবা মনছের আলী তালুকদারও সেখানে ইন্তেকাল করেন।
এ বিষয়ে শাজাহানপুর থানার এএসআই সাদ্দাম হোসেন জানান, ঘটনা জানার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত মৃত অবস্থায় প্রভাষক পারভেজকে সড়কের উপর পড়ে থাকতে দেখতে পান। পরে ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে কারা ও কেন খুন করেছে তা জানা যায়নি। সন্তানের মৃত্যু শোক সইতে না পেরে নিহতের বাবা মনছের আলী তালুকদার ইন্তেকাল করেন বলে নিশ্চিত করেন তিনি।
উল্লেখ্য, কিছুদিন আগে প্রভাষক পারভেজের বড়ভাই পান্নুকে (৩৬) ওই একইস্থানে ছুরিকাঘাত করা হয়। এ ঘটনায় পারভেজ বাদি হয়ে মামলা দায়ের করেন।
লাশ দেখে পিতার মৃত্যু
শাজাহানপুরে প্রভাষককে কুপিয়ে হত্যা
বগুড়ার শাজাহানপুর উপজেলার আশিকপুর ইউনিয়নের মাথাইল চাপড় এলাকায় মাসুদুর রহমান পারভেজ (৪০) নামে এক কলেজ প্রভাষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি উপজেলার শাবরুল গ্রামের মনছের...



