কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরী নদীতে ভাসমান অবস্থায় মহসিন ভুট্টু নামে সাবেক এক সেনাসদস্যের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল সকাল সাড়ে ৬টায় স্থানীয় প্রত্যক্ষদর্শীদের তথ্যের ভিত্তিতে মাতামুহুরী নদীর চকরিয়া পৌরশহরের মৌলভীরচর অংশ থেকে উদ্ধার করা হয় লাশটি। মহসিন ভুট্টু (৫০) চকরিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের খলিলুর রহমানের ছেলে এবং চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল করিম সাঈদীর চাচাতো ভাই।

চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী জানান, মহসিন ভুট্টু আমার চাচাতো ভাই। সে সেনাবাহিনীর সদস্য ছিল। বেশ কয়েক বছর আগে চাকরি থেকে অবসর নেয়। প্রতিবেশীর সাথে জমিজমার বিরোধ রয়েছে বলে জানা আছে। ধারণা করা হচ্ছে প্রতিপক্ষরাই তাকে পিটিয়ে হত্যা করে নিকটস্থ নদীতে ফেলে দিয়েছে।
চকরিয়া থানার ওসি জাবেদ মাহমুদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে লাশের সুরত হাল রিপোর্ট তৈরি করা হয়। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর রহস্য জানা যাবে।