ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার লাউর ফতেহপুর ইউনিয়নের বাড়িখলা গ্রামে বাড়ির পাশে থাকা জলাশয়ে ডুবে আপন দুই বোনের মৃত্যু হয়েছে।
নিহত ওই দুই বোন হলেনÑ বাড়িখলা দক্ষিণ পাড়ার বাসিন্দা, সিঙ্গাপুর প্রবাসী মাহাবুবুর রহমান সাইফুলের সন্তান।
সরেজমিন জানা যায়, প্রতিদিনের মতো বাড়ির আঙিনায় গতকাল শনিবার দুপুরে খেলাধুলা করছিলেন দুই বোন জান্নাতুল রাইসা (৫) ও রাইকা আক্তার মাইশা (৪) সেখানে থেকে হঠাৎ ফুটবল নিয়ে দৌড়াদৌড়ি করছিলেন বাড়ির উঠানে।
বাড়ির আশপাশে তাদের কোন সাড়া শব্দ না পেয়ে পরিবারের সদস্যরা তাদের খোঁজ শুরু করেন। অনেক খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা প্রতিবেশীদের ডাক দেন।
সবাই মিলে অনেক খোঁজাখুঁজি ও মার্কিং করেও তাদের কোনো খবর না পেয়ে পার্শ্ববর্তী রাধানগর গ্রামের কয়েকজন জেলেকে বাড়িতে নিয়ে আসেন। পরে বাড়ির পাশে জলাশয়ে ফুটবল ভাসছে দেখে সন্দেহ করে পানিতে নেমে দুই শিশুকে পানির নিচে থেকে উদ্ধার করেন। দুই বোনের লাশ দেখে ওই বাড়িতে কান্নার রোল নেমে আসে।
স্থানীয়দের ধারণা, ফুটবল খেলার সময় বলটি পানিতে পড়ে যাওয়ার কারণে নিশ্চয়ই তারা দুই বোন একে একে বলটি আনতে গিয়ে জলাশয়ে নামেন। এরপর পিছলিয়ে সেখানে পড়ে গিয়ে তাদের মৃত্যু হয়েছে।
তিন মেয়ে ও এক ছেলে নিয়ে মাহাবুবুর রহমান সাইফুলের স্ত্রী রূপালি আক্তার গ্রামে বসবাস করতেন। হঠাৎ করে আদরের দুই মেয়েকে হারিয়ে তিনিসহ পুরো পরিবার বাকরুদ্ধ। এ ঘটনায় বাড়িখলা গ্রামে শোকের মাতম চলছে।