দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি শ্যামল চন্দ্র ধরের পর এবার নৌকায় ভোট চাইলেন জামালপুরের জেলা প্রশাসক মো: ইমরান আহমেদ।
গত সোমবার বিকেলে জেলার মাদারগঞ্জ পৌরসভার নবনির্মিত পৌর ভবনের উদ্বোধন অনুষ্ঠানে ডিসি ইমরান আহমেদ বলেন, এই সরকার দেশের ব্যাপক উন্নয়ন করেছে। এ ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগকে আবারো নির্বাচিত করতে আমরা বদ্ধপরিকর। ডিসির এই বক্তব্যটি মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
আওয়ামী লীগ সরকারের নানা উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে বিশেষ অতিথির বক্তব্যে ডিসি ইমরান আহমেদ বলেন, স্বাধীনতার সুফল, যোগাযোগ ও নানাবিধ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে। তিনি বলেন, এই উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য সরকারকে আবার নির্বাচিত করে ক্ষমতায় বসাতে হবে। এটা প্রত্যেককে অঙ্গীকার করতে হবে।
ডিসি আরো বলেন, ‘আপনারা এই সরকারের এতো উন্নয়ন নিজের চোখে দেখে সরকারের প্রতি অকৃতজ্ঞ হবেন না।' ডিসির ওই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় তা নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে।
নবনির্মিত পৌর ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি। মাদারগঞ্জ পৌর মেয়র মির্জা কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধন অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জামালপুরের পুলিশ সুপার মো: কামরুজ্জামান, জামালপুর পৌরসভার সাবেক মেয়র মির্জা সাকাওয়াতুল আলম মনি।
উল্লেখ্য, গত ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে জেলার দেওয়ানগঞ্জ পৌরসভা আয়োজিত এক অনুষ্ঠানে আওয়ামী লীগ সরকারকে পুনরায় নির্বাচিত করতে প্রকাশ্যে নৌকায় ভোট চান দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি শ্যামল চন্দ্র ধর। ওসির ওই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তার পুলিশিং কার্যক্রম নিয়ে নানা আলোচনা সমালোচনার সৃষ্টি হয়। এ বিষয়ে গত ২৩ আগস্ট বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ হলে ২৫ আগস্ট ওসি শ্যামল চন্দ্র ধরকে জামালপুর পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।



