তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি বা অন্যদল ক্ষমতায় এলে সব ভাতা বন্ধ হয়ে যাবে। বর্তমান সরকার যে নানা রকম ভাতা দিচ্ছে, এগুলো আগে কখনো ছিল না। আওয়ামী লীগ সরকার ১৯৯৬ সালে ক্ষমতায় এসে এসব ভাতা চালু করেছিল। এরপর বিএনপি ক্ষমতায় আসার পর অনেক ভাতা বন্ধ করে দিয়েছিল। তখন হাতেগোনা কয়েকজন ভাতা পেত, তাও চেয়ারম্যান ও বিএনপি নেতাদের সমর্থক বা তাদের আত্মীয়স্বজনদের দেয়া হতো। পরে ২০০৮ সালে ক্ষমতায় এসে বঙ্গবন্ধুকন্যা ভাতার পরিমাণ এবং আকার দুটোই আরো বৃদ্ধি করেছেন। আমরা এসব ভাতা কে আওয়ামী লীগ, কে বিএনপি বা কে জাতীয় পার্টি এসব দেখে দিই নাই। সম্প্রচারমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার ৬ হাজার কমিউনিটি ক্লিনিক চালু করেছিল। কিন্তু বিএনপি ক্ষমতায় আসার পর সব কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দিয়েছিল। বর্তমানে আওয়ামী লীগ সরকার প্রায় ২২ ধরনের ভাতা চালু করেছে। সামনে বিএনপি বা অন্যদল ক্ষমতায় এলে কমিউনিটি ক্লিনিকের মতো সব ভাতাও বন্ধ হয়ে যাবে।
গতকাল সোমবার দুপুরে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে উপকারভোগী সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।
হাছান মাহমুদ বলেন, আওয়ামী লীগ সরকার আপনাদের ভাতা দিচ্ছে। কারো মাধ্যম ছাড়া মোবাইলে আপনারা টাকা পেয়ে যাচ্ছেন। সরকার যেহেতু আপনাদের বিভিন্নভাবে সহযোগিতা করছে তাহলে ভোট টাও নৌকায় দিতে হবে। নিজ নির্বাচনী এলাকার বাসিন্দাদের উদ্দেশ্যে বলেন, আমাকে এমপি নির্বাচিত করার পর, আমি দলীয় এমপি থাকিনি, সবার জন্য আমার দরজা খোলা রেখেছি। গত ১৪-১৫ বছর আপনাদের জন্য কাজ করে যাচ্ছি।
দক্ষিণ রাজানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহমদ সৈয়দ তালুকদারের সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: জামাল উদ্দিনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার, শিক্ষা ও সাহিত্যবিষয়ক সম্পাদক মাস্টার খুরশেদ আলম, শ্রম বিষয়ক সম্পাদক ফারুক আহমেদ তালুকদার, উপজেলা যুবলীগের সভাপতি বদিউল খায়ের লিটন চৌধুরী প্রমুখ।